গোপালগঞ্জে এনসিপি নেতাকর্মীদের ওপর হামলা, ১৪৪ ধারা জারি

গোপালগঞ্জে সমাবেশ শেষ করে টেকেরহাট হয়ে মাদারীপুরে যাওয়ার কথা ছিল এনসিপি নেতাদের। তবে সমাবেশ শেষের সঙ্গে সঙ্গে হামলার ঘটনায় তারা ছত্রভঙ্গ হয়ে যান এবং পরে গোপালগঞ্জ সার্কিট হাউসে অবস্থান নেন।

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশ ঘিরে আজ সকাল থেকে পুলিশের গাড়িতে আগুন, উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) গাড়ি ও সমাবেশস্থলে হামলার ঘটনা ঘটেছে। এর মধ্যেই এনসিপির সমাবেশ শুরু হয়। তবে তা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে তাদের গাড়িবহরেও হামলার চেষ্টা করা হয়। এ প্রতিবেদন লেখা পর্যন্ত হামলাকারী ও পুলিশের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া চলছে।

আজ বুধবার (১৬ জুলাই) দুপুর পৌনে ৩টার দিকে শহরের পৌর পার্কে এই ঘটনা ঘটে। এ সময় পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা সাউন্ড গ্রেনেড ও ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন। এনসিপির নেতা-কর্মীরা অন্য দিক দিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন। পরে তারা জেলা পুলিশ সুপারের কার্যালয়ে অবস্থান নেন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে জেলায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। জেলা প্রশাসক মো.কামরুজ্জামান এ তথ্য জানিয়েছেন। সেই সঙ্গে ৪ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

এ ঘটনার পর সাংবাদিকদের কাছে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারী অভিযোগ করে বলেন, আওয়ামী লীগের নেতা-কর্মীরা এই হামলা চালিয়েছে। আর পুলিশ-সেনাবাহিনী নিষ্ক্রিয় ভূমিকা পালন করেছেন। আমাদের বলা হয়েছিল, সবকিছু ঠিক আছে। কিন্তু সমাবেশস্থলে গিয়ে দেখি পরিস্থিতি ঠিক নেই।

এর আগে সকাল সাড়ে ৯টার দিকে সদর উপজেলার উলপুর-দুর্গাপুর সড়কের খাটিয়াগড় চরপাড়ায় পুলিশের গাড়িতে হামলা, ভাঙচুর ও আগুন দেয়ার ঘটনা ঘটে। এ সময় তিন পুলিশ সদস্য আহত হন। তারা হলেন গোপীনাথপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ আহমেদ বিশ্বাস, কনস্টেবল কাওছার ও মিনহাজ। আহতদের গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির মো. সাজেদুর রহমান বলেন, জাতীয় নাগরিক পার্টির মাসজুড়ে জুলাই পদযাত্রার অংশ হিসেবে আজ গোপালগঞ্জ শহরের পৌর পার্কে পদযাত্রায় কেন্দ্রীয় নেতাদের আসার কথা ছিল। তাদের পদযাত্রা বানচালের জন্য সদর উপজেলার উলপুর এলাকায় পুলিশের একটি গাড়িতে আগুন ও ভাঙচুর করেছেন স্থানীয়রা। এতে তিন পুলিশ সদস্য আহত হয়েছেন।

সকাল ১০টার দিকে সেনাবাহিনী, র‌্যাব ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

পরে সকাল সাড়ে ১১টার দিকে সদর উপজেলার করপাড়া এলাকায় ইউএনওর এম রকিবুল হাসানের গাড়িও হামলা ও ভাঙচুরের শিকার হয়। এ সময় বেশ কয়েকজন আহত হয়েছেন জানিয়ে তিনি বলেন, জাতীয় নাগরিক পার্টির মাসজুড়ে জুলাই পদযাত্রার অংশ হিসেবে আজ গোপালগঞ্জ শহরের পৌর পার্কে পদযাত্রার কথা রয়েছে তাদের। তাদের পদযাত্রা বানচালের জন্য আওয়ামী লীগ ও ছাত্রলীগের সমর্থকরা সদর উপজেলার করপাড়া এলাকায় গাড়িবহরে হামলা ও ভাঙচুর করেছেন।

আরও