বিশ্বের সবচেয়ে দূষিত বাতাসের শহরের তালিকায় এখন পঞ্চম অবস্থানে রাজধানী শহর ঢাকা। সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউএয়ার-এর তথ্য অনুযায়ী, আজ মঙ্গলবার সকাল ৯টা ১০ মিনিটের দিকে ঢাকার এয়ার কোয়ালিটি ইনডেক্স স্কোর ১৬৭। সে হিসাবে বাতাসের মান ‘অস্বাস্থ্যকর’।
দূষিত শহরের প্রথম চারটি অবস্থানে আছে পাকিস্তান ও ভারতের দুটি করে শহর। ৩৩৯ স্কোর নিয়ে বিশ্বের সবচেয়ে দূষিত বায়ুর শহর আজ লাহোর। স্কোর অনুযায়ী, শহরটির বাতাস ‘দুর্যোগপূর্ণ। ২৬৯ স্কোর নিয়ে পড়ের অবস্থানে আছে ভারতের রাজধানী নয়াদিল্লি। এর পরের দুটি অবস্থানে যথাক্রমে কলকাতা এবং করাচী।
বৈশ্বিক মানদণ্ড অনুযায়ী, বায়ুমান সূচক ৫০-এর নিচে থাকলে বিশুদ্ধ বাতাস ধরা হয়। ৫১-১০০ হলে তা সহনীয়। ১০১-১৫০ এর মধ্যে হলে সতর্কতামূলক বা সংবেদনশীল মানুষের (শিশু ও বয়স্ক ব্যক্তি) জন্য অস্বাস্থ্যকর। ১৫১-২০০ হলে সবার জন্য অস্বাস্থ্যকর এবং সূচক ২০১ থেকে ৩০০ হলে বাতাসকে খুব অস্বাস্থ্যকর বলা হয়। আর সূচক ৩০০ ছাড়ালে সেই বাতাস দুর্যোগপূর্ণ।