ঘোড়াঘাটে একদিনের ব্যবধানে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

মঙ্গলবার ও বুধবার এই দুর্ঘটনা দুটি ঘটে।

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় একদিনের ব্যবধানে পৃথক স্থানে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার ও বুধবার এ দুর্ঘটনা দুটি ঘটে।

প্রথম ঘটনাটি ঘটে মঙ্গলবার (১ জুলাই) বিকালে উপজেলার ২ নম্বর পালশা ইউনিয়নের বেলওয়া গোপালপুর গ্রামে। সেখানে নূর মোহাম্মদ (২) নামে দুই বছরের এক শিশু বাড়ির পাশে খেলা করছিল। খেলার সময় সে বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। অনেকক্ষণ খোঁজাখুঁজির পর পরিবারের লোকজন তাকে পুকুরে ভাসতে দেখেন। উদ্ধার করে ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দ্বিতীয় ঘটনাটি ঘটে পরদিন বুধবার (২ জুলাই) দুপুরে উপজেলার ৩ নম্বর সিংড়া ইউনিয়নের মংলিশপুর গ্রামে। সেখানে হাসিব মিয়া (১২) নামে এক শিশু পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে যায় ও সেখানেই তার মৃত্যু হয়।

স্থানীয়রা বলছেন, বর্ষার কারণে বাড়ির চারপাশে পানি জমে থাকায় এমন দুর্ঘটনা ঘটছে।

ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক দুই শিশুর মৃত্যুর ঘটনা নিশ্চিত করেছেন। তিনি বলেন, পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

আরও