দুর্নীতি বন্ধ হলে পাঁচ বছরে দেশের চেহারা পাল্টে যাবে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, মহান আল্লাহর ওপর ভরসা করে দুর্নীতির রোড যখন বন্ধ হবে, চাঁদাবাজি যখন বন্ধ হবে— তখন সব উন্নয়ন হবে। পাঁচ বছরে এ দেশের চেহারা পাল্টে যাবে।
শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ৩টায় সিলেট নগরীর সরকারি আলিয়া মাদরাসা মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, জনগণের টাকা ও হক আত্মসাৎকারীদের শান্তিতে থাকতে দেব না। দুনিয়ার যেখানে থাকুক না কেন— জনগণের এ হক যদি তারা স্বেচ্ছায় দিয়ে দেন, তারা অবশ্যই অভিনন্দিত হবেন। আর যদি ফেরত না দেন, রাষ্ট্র ইনশাআল্লাহ ওদের পেটের ভেতর থেকে নিয়ে আসবে। কাউকে ছাড় দেয়া হবে না।
তিনি আরো বলেন, উদ্ধার করা অর্থ রাষ্ট্রীয় কোষাগারে জমা হবে এবং যে এলাকা যত বেশি বঞ্চিত, সেখানে উন্নয়ন কাজ সর্বপ্রথম শুরু করা হবে।
জামায়াত আমির বলেন, আমি প্রধানমন্ত্রী হব কী না— এটা আল্লাহ ভালো জানেন। কিন্তু যদি এমন কিছু আমার দায়িত্বে এসে যায়, আমি পরিষ্কারভাবে বলতে চাই— ৫৪ হাজার বর্গমাইলের এক ইঞ্চিতেও আমি ইনসাফি করতে পারব না। প্রতি ইঞ্চি মাটি তখন আমার কাছ থেকে তার পাওনা বুঝে নেবে।
প্রবাসীদের ভোটাধিকার ও মর্যাদা প্রসঙ্গে তিনি বলেন, মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন দেশে কর্মরত প্রবাসীরা অনেক সময় স্বল্প আয়ে কঠিন জীবন যাপন করেন। কেউ কেউ সেখানে ইন্তেকাল করেন, তখন তাদের লাশ নিয়ে অবহেলা ও জটিলতা তৈরি হয়। রেমিট্যান্স যোদ্ধা বললেও ইন্তেকালের পর তাদের কোনো অভিভাবক থাকে না— এটা আমরা মানি না।
ডা. শফিকুর রহমান বলেন, আমি আপনাদেরই সন্তান। এ শহর আমারও শহর। একবার আমাদের একটু সুযোগ দেন। আপনাদের মালিক হব না। আপনাদের সম্পদ, জীবন ও ইজ্জতের পাশে দাঁড়িয়ে আমরা চৌকিদারের কাজ করব।