চলতি বছরই দুটি বিষয়ে প্রথম ব্যাচে ভর্তির মধ্য দিয়ে একাডেমিক কার্যক্রম শুরু হচ্ছে। এরই মধ্যে ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউটের উপাধ্যক্ষ মো. শওকত হোসেনকে নতুন অধ্যক্ষ হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।
নবনিযুক্ত ময়মনসিংহ মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ মো. শওকত হোসেন জানান, কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি এবং ফুড টেকনোলজি নামে দুটি আধুনিক প্রযুক্তি বিভাগে ২০২৬-২৭ শিক্ষাবর্ষে ৫০ জন করে মোট ১০০ ছাত্রী ভর্তি করা হবে।
শিক্ষা প্রকৌশল অধিদপ্তর (ইইডি) ময়মনসিংহ জেলার নির্বাহী প্রকৌশলী রাসেল মিয়া জানান, একাডেমিক ভবন, ওয়ার্কশপ ভবন, প্রশাসনিক ভবন, ২০০ আসনবিশিষ্ট ছাত্রীনিবাস এবং অধ্যক্ষ ভবন ও কর্মচারী কোয়ার্টারের নির্মাণকাজ সম্পন্ন হয়েছে। এছাড়া রাস্তা, ড্রেনসহ অবশিষ্ট কাজ নির্ধারিত সময়ের মধ্যেই সম্পন্ন হবে বলে আশ্বাস দেন ইইডির নির্বাহী প্রকৌশলী।