বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ দণ্ডপ্রাপ্ত সব আসামিকে বিদেশ থেকে দেশে ফিরিয়ে আনার উদ্যোগ আরো শক্তিশালী করা হবে বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক। তিনি বলেন, ‘আমাদের দেশের আদালত দ্বারা সাজাপ্রাপ্ত এবং অত্যন্ত গর্হিত অপরাধ করে যারা সাজাপ্রাপ্ত, তাদের সবাইকে বিদেশ থেকে দেশে ফিরিয়ে আনার চেষ্টা আমরা নেব, উদ্যোগ নেব এবং উদ্যোগ যেটা আছে, সেটাকে আরো শক্তিশালী করার চেষ্টা করব।’
গতকাল সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে স্টেশনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। গতকালের মতো আজও নিজ নির্বাচনী এলাকায় বিভিন্ন কর্মসূচিতে যোগ দেবেন তিনি।
ড. মুহাম্মদ ইউনূসের মামলায় আইনের ব্যত্যয় ঘটেছে—মার্কিন ১২ সিনেটরের এমন মন্তব্যের পরিপ্রেক্ষিতে আইনমন্ত্রী বলেন, ‘আমি যতদূর জানি, আমি যতদূর এ মামলার কাগজপত্রে দেখেছি, সেখান থেকে আমি এটুকু বলতে পারব যে বিচারিক আদালতে সুষ্ঠুভাবেই আইনের যেই ধারা, সেই ধারা অনুযায়ী বিচার হয়েছে। আমি এর থেকে বেশি কিছু বলব না। তার কারণ হচ্ছে, যিনি সাজাপ্রাপ্ত হয়েছেন, তিনি নিশ্চয়ই আপিল করবেন এবং সেখানে কোনো প্রভাব পড়ুক, আমি চাই না।’
এদিকে সংসদের আগামী অধিবেশনেই শ্রম আইন পাস হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী। আইনমন্ত্রী নিজ নির্বাচনী এলাকা গণসংবর্ধনাসহ বিভিন্ন অনুষ্ঠানে যোগ দিতে দুদিনের সফরে গতকাল সকালে আন্তঃনগর মহানগর প্রভাতী ট্রেনে করে ঢাকা থেকে আখাউড়ায় আসেন। আখাউড়া রেলওয়ে স্টেশনে তাকে স্বাগত জানান জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান, পুলিশ সুপার মো. শাখাওয়াত হোসেন প্রমুখ।
আইনমন্ত্রীর সঙ্গে আইন সচিব গোলাম সারোয়ার, আখাউড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. আলী চৌধুরী ও সাধারণ সম্পাদক তাকজিল খলিফাসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।