কুমিল্লায় হাঁটু ও কোমর সমান পানি ঠেলে এইচএসসি পরীক্ষার কেন্দ্রে পৌঁছলেন শিক্ষার্থীরা। আজ উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অংশ নিতে চরম দুর্ভোগে পড়েন কুমিল্লা সরকারি মহিলা কলেজ ও ভিক্টোরিয়ান সরকারি কলেজের পরীক্ষার্থীরা। তাদের হাঁটু ও কোমর সমান পনি ঠেলে পরীক্ষার হলে যেতে দেখা যায়।
গতকাল দিবাগত মধ্যরাত থেকে একটানা বৃষ্টিতে কুমিল্লা মহানগরীর অধিকাংশ নিচু এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। অভিভাবকরা জানান, আজ পদার্থবিজ্ঞান, হিসাববিজ্ঞান ও যুক্তিবিদ্যা পরীক্ষা ছিল। অনেক ছাত্র-ছাত্রী কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ ও কুমিল্লা সরকারি মহিলা কলেজ কেন্দ্রে সময় মতো যেতে পারেননি। অনেক পরীক্ষার্থী ড্রেনে পড়ে যান, পরে ভেজা কাপড়ে পরীক্ষা দিয়েছেন তারা।
বৃষ্টি ও বন্যার কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা স্থগিত হয়েছে। কিন্তু অতিবর্ষণ, বন্যা ও জলাবদ্ধতায় আক্রান্ত কুমিল্লার এ ধরনের সিদ্ধান্ত না আসায় শিক্ষার্থীরা পানি পেরিয়ে পরীক্ষায় অংশ নিচ্ছেন।
কুমিল্লা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ড. সফিকুর রহমান বণিক বার্তাকে জানান, মধ্যরাত থেকে টানা বৃষ্টি হওয়ার কারণে কিছুটা সমস্যা হয়েছে। আমি নিজে ও কুমিল্লা জেলা প্রশাসক, বোর্ডের কলেজ পরিদর্শকসহ পরীক্ষার হল পরিদর্শন করে বিভিন্ন দিক নির্দেশনা দিয়েছি। যেখানে সমস্যা হয়েছে পরীক্ষার্থীদের অন্য জায়গায় শিফট করেছি।
তিনি আরো বলেন, কুমিল্লা বোর্ডের ছয়টি জেলা ও ১৯৩টি কেন্দ্রে মধ্যে শুধু কুমিল্লা মহানগরীর দুটি কেন্দ্রের পরীক্ষার্থীদেয় সমস্যা হয়েছে। আর কোনো কেন্দ্র থেকে এমন কোনো বার্তা আসেনি।
কুমিল্লা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক আহসান পারভেজ জানান, চট্টগ্রাম বোর্ডের পরীক্ষা স্থগিত হলেও শিক্ষামন্ত্রী কুমিল্লা বোর্ডের বিষয়ে কোনো সিদ্ধান্ত দেননি। সামনে আবহাওয়া অনুকূলে না থাকলে শিক্ষামন্ত্রীর সঙ্গে কথা বলে আমরা সিদ্ধান্ত নেব।