খুনিদের জায়গা জেলখানায়, সমঝোতার প্রশ্নই আসে না: শফিকুল আলম

প্রেস সচিব বলেন, এ বছর যে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, তা আগের যেকোনো সময়ের তুলনায় অনেক বেশি শান্তিপূর্ণ হবে। অতীতে দেখা গেছে বিরোধী প্রার্থীদের প্রচারে বাধা দেয়া হয়েছে বা জেলে পাঠানো হয়েছে। কিন্তু এবার নির্বাচন হবে সম্পূর্ণ অবাধ, সুষ্ঠু এবং উৎসবমুখর পরিবেশে।

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, খুনিদের সঙ্গে কোনো ধরনের সমঝোতা বা ‘রিকনসিলিয়েশনের’ আলোচনা হচ্ছে না। আওয়ামী লীগের পক্ষ থেকে কোনো অনুশোচনা বা ক্ষমা চাওয়ার বিষয়টিও আমাদের কানে আসেনি। তাদের মধ্যে অনুতাপের কোনো লক্ষণ নেই। খুনিদের জায়গা জেলখানায়, রিকনসিলিয়েশনের প্রশ্নই আসে না।

শুক্রবার (১৬ জানুয়ারি) সকালে ব্রাহ্মণবাড়িয়া আখাউড়ায় কোল্লা শহীদ মাজার পরিদর্শনের আগে সার্কিট হাউজে সাংবাদিকদের সঙ্গে আলাপের সময় তিনি এসব কথা বলেন।

এ সময় শফিকুল আলম বলেন, যারা শহীদের রক্ত নিয়ে রাজনীতি ও মসকরা করে, তাদের এ সমাজে কোনো জায়গা নেই। খুনিদের একমাত্র জায়গা জেলখানা। গণভোট নিয়ে তিনি বলেন, জনগণের মধ্যে গণভোট সম্পর্কে যথেষ্ট সচেতনতা তৈরি হয়েছে। মানুষ এখন সব জানে ও বোঝে। আমরা আশাবাদী, জনগণ গণভোটে অংশ নিয়ে বিপুলভাবে ‘হ্যাঁ’ ভোট দেবেন। তিনি আরো বলেন, এই ‘হ্যাঁ’ ভোটের মাধ্যমেই স্বৈরাচারের বিরুদ্ধে, অপশাসনের বিরুদ্ধে এবং গত ১৬ বছরের খুনের রাজনীতির বিরুদ্ধে জনগণ ‘রেড কার্ড’ দেখাবে। দেশকে এগিয়ে নেয়া ও সুশাসন প্রতিষ্ঠার জন্য এ ভোট সবার জন্যই জরুরি।

আসন্ন নির্বাচন প্রসঙ্গে প্রেস সচিব বলেন, এ বছর যে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, তা আগের যেকোনো সময়ের তুলনায় অনেক বেশি শান্তিপূর্ণ হবে। অতীতে দেখা গেছে বিরোধী প্রার্থীদের প্রচারে বাধা দেয়া হয়েছে বা জেলে পাঠানো হয়েছে। কিন্তু এবার নির্বাচন হবে সম্পূর্ণ অবাধ, সুষ্ঠু এবং উৎসবমুখর পরিবেশে।

এরপর তিতাস নদীর বিভিন্ন এলাকা ঘুরে দেখেন। এ সময় তার সঙ্গে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তাপসী রাবেয়া, আখাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জাবেদ-উল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) কফিল উদ্দিন মাহমুদসহ মাজার কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এদিন বিকালে তিনি ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাব মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন। সেখানে সংগঠনের সভাপতি জাবেদ রহিম বিজনের সভাপতিত্বে সাংবাদিকদের মধ্যে বক্তব্য দেন সাধারণ সম্পাদক মো. বাহারুল ইসলাম মোল্লা, সহসভাপতি ইব্রাহিম খান সাদাত, মোহাম্মদ আরজু, মঞ্জুরুল আলম, এমদাদুল হক, আল-আমীন শাহীন, পিযূষ কান্তি আচার্য্য, মফিজুর রহমান লিমন, নজরুল ইসলাম শাহজাদা, বিশ্বজিৎ পাল বাবু, শফিকুল ইসলাম, মো. শাহাদৎ হোসেন, ফরহাদুল ইসলাম পারভেজ।

আরও