কক্সবাজার বিমানবন্দরে অক্টোবরের মাঝামাঝি আংশিকভাবে আন্তর্জাতিক ফ্লাইট চালুর সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিক।
গতকাল দুপুরে কক্সবাজার বিমানবন্দর পরিদর্শনের পর তিনি সাংবাদিকদের বলেন, ‘আজ আমরা বিমানবন্দরের দ্বিতীয় টার্মিনাল ও সাগরের ওপর নির্মিত রানওয়ের কাজের অগ্রগতি পরিদর্শন করেছি। পর্যবেক্ষণে মনে হয়েছে, আগামী অক্টোবরের মাঝামাঝি সময়ে আংশিকভাবে আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনা করা সম্ভব হবে।’
সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি আরো বলেন, ‘কত শতাংশ কাজ শেষ হয়েছে তা বলা যাচ্ছে না। তবে প্রস্তুতি শেষের পথে আছে এবং অক্টোবরের মাঝামাঝি সময়ে ফ্লাইট শুরু করা সম্ভব।’
পরিদর্শনকালে তার সঙ্গে উপস্থিত ছিলেন কক্সবাজার বিমানবন্দরের প্রকল্প পরিচালক ইউনূছ ভুঁইয়া, বিমানবন্দর ব্যবস্থাপক গোলাম মোর্তজা হাসানসহ অন্যান্য কর্মকর্তারা।