সিলিকন ভ্যালিতে অ্যাপল, গুগল, এনভিডিয়া, মেটা ও সিসকোসহ বিভিন্ন হাইটেক কোম্পানির সঙ্গে বৈঠকে বাংলাদেশে বিনিয়োগ ও ম্যানুফ্যাকচারিং ইউনিট স্থাপনের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি বলেন, এসব প্রতিষ্ঠানের সঙ্গে সরাসরি বিদেশী বিনিয়োগ এবং বাংলাদেশে ম্যানুফ্যাকচারিং ইউনিট কীভাবে করা যায়, তা নিয়ে কথা হয়েছে।
আজ রোববার রাজধানীর পররাষ্ট্র মন্ত্রণালয়ের নতুন ভবনে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি সফর নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
শামা ওবায়েদ ইসলাম বলেন, ‘ইন্টেলের সঙ্গে আমাদের আইসিটি মন্ত্রণালয় যোগাযোগ করছে এবং এখানে এটা আমি আগেই বলেছি, বাংলাদেশকে কীভাবে একটা টেকনোলজি হাবে রূপান্তর করা যায়, সেই কারণে কিন্তু এই আমাদের সফরটা ছিল।’
মেটা সদর দফতরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী
সিলিকন ভ্যালি সফরে গুগল, অ্যাপল, মেটা, সিসকো, এনভিডিয়া ও প্লাগ অ্যান্ড প্লেসহ বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে বৈঠক হয়েছে জানিয়ে তিনি বলেন, দুদিনের সফরে ১৫টির বেশি বৈঠক হয়েছে। এসব বৈঠকে সরাসরি বিদেশী বিনিয়োগের পাশাপাশি বাংলাদেশে ম্যানুফ্যাকচারিং ইউনিট স্থাপনের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়েছে।
কুপারটিনোর অ্যাপল পার্কে বাংলাদেশের প্রতিনিধিদল
তিনি বলেন, ‘আমাদের যাদের সঙ্গে কথা হয়েছে তারা যেরকম ডাইরেক্ট এফডিআই নিয়ে কথা হয়েছে, তারা ইনভেস্টমেন্ট করতে চায় এখানে, ম্যানুফ্যাকচারিং ইউনিট কীভাবে করা যায় সেটা নিয়ে কথা হয়েছে।’
বাংলাদেশের তরুণদের মেধাকে কাজে লাগিয়ে প্রযুক্তি তৈরির সম্ভাবনার বিষয়েও বৈঠকে আলোচনা হয়েছে বলে জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী। তিনি বলেন, ‘আবার আমাদের যে মেধা, আমাদের বাংলাদেশের তরুণ সমাজের যে মেধা আছে, সেই মেধাকে কাজে লাগিয়ে তারা কীভাবে এখানে টেকনোলজি তৈরি করতে পারে সেটাও সে ব্যাপারেও কথা হয়েছে।’
সিসকো সদর দফতরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ
গুগল বাংলাদেশের শিক্ষা খাতে কাজ করতে আগ্রহী বলে জানান তিনি। এরই মধ্যে এ বিষয়ে একটি সহযোগিতার কাজ চলছে বলেও উল্লেখ করেন শামা ওবায়েদ ইসলাম। একইভাবে এনভিডিয়া বাংলাদেশের সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে কাজ করার কথা জানিয়েছে।
তিনি বলেন, ‘গুগল আমরা সবাই জানি এক্সপার্ট, তারা কিন্তু খুবই আগ্রহী আমাদের এডুকেশন সেক্টরে তারা কাজ করবে এবং ইতিমধ্যে একটা কোলাবোরেশনের কাজ চলছে। এনভিডিয়া এআই নিয়ে আমাদের সঙ্গে কাজ করবে বলেছে।’
এনভিডিয়া সদর দফতরে বৈঠক বাংলাদেশী প্রতিনিধিরা
বাংলাদেশকে প্রযুক্তি হাবে রূপান্তরের লক্ষ্যে সিলিকন ভ্যালির প্রতিষ্ঠানগুলোর সঙ্গে বৈঠক হয়েছে জানিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, এসব বৈঠক ছিল সামগ্রিক ও সমন্বিত। সফরটি মাত্র শেষ হওয়ায় এর ফলাফল পেতে সময় লাগবে বলেও জানান তিনি।
শামা ওবায়েদ ইসলাম বলেন, ‘এই মিটিংগুলো মাত্র হয়েছে। আরো কয়েক মাস গেলে এগুলোর রেজাল্ট আমরা দেখতে পাব।’
সিলিকন ভ্যালির সঙ্গে যোগাযোগ অব্যাহত রাখার ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, সেখানে কর্মরত বাংলাদেশীরাও সরকারের এই উদ্যোগে আগ্রহী হয়েছেন। বড় বড় প্রযুক্তি প্রতিষ্ঠানে উচ্চপর্যায়ে থাকা বাংলাদেশীরা দেশকে প্রযুক্তিগতভাবে এগিয়ে নিতে বিভিন্নভাবে সরকারকে সহযোগিতা করতে আগ্রহ প্রকাশ করেছেন।