শহীদ ড. মোহাম্মদ শামসুজ্জোহার কবর জিয়ারতের মাধ্যমে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু)। নবনির্বাচিত ভিপি মোস্তাকুর রহমান জাহিদ বলেছেন, শহীদ শামসুজ্জোহার আদর্শ ধারণ করে তারা শিক্ষার্থীদের কল্যাণে কাজ করতে চান।
সোমবার (২০ অক্টোবর) সকাল পৌনে ১১টার দিকে রাকসুর নবনির্বাচিত নেতারা শহীদের কবর জিয়ারত করেন। এরপর তারা বিশ্ববিদ্যালয় কবরস্থান ও রাজশাহীতে জুলাই আন্দোলনের শহীদ সাকিব আনজুম ও শহীদ আলি রায়হানের কবরেও শ্রদ্ধা জানান।
রাকসু ভিপি জাহিদ বলেন, শহীদ শামসুজ্জোহা স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানোর মাধ্যমে রাকসুর কার্যক্রম শুরু হয়েছে। শিক্ষার্থীদের অধিকার রক্ষায় শহীদ শামসুজ্জোহা নিজের জীবন উৎসর্গ করেছিলেন— এ অনুপ্রেরণাই আমাদের পথচলার মূল ভিত্তি। তিনি জানান, তারা শিক্ষার্থীদের কল্যাণে কাজ করতে চান ও রাকসুর মাধ্যমে সেই দায়িত্ব পালনে প্রতিজ্ঞাবদ্ধ।
তিনি আরো জানান, কার্যক্রমের অংশ হিসেবে তারা রাজশাহীর দুই শহীদ শিক্ষার্থীর কবর জিয়ারত শেষে তাদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করবেন। এছাড়া শপথ গ্রহণের পর থেকেই আনুষ্ঠানিক কাজ শুরু হবে ও এরপর নির্বাচন কমিশন ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করা হবে।
কবর জিয়ারতের সময় উপস্থিত ছিলেন রাকসুর জিএস সালাহউদ্দিন আম্মার, এজিএস এস এম সালমান সাব্বির, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক তোফায়েল আহমেদ তোফা, সাংস্কৃতিক সম্পাদক জায়িদ হাসান জোহা, মিডিয়া ও প্রকাশনা সম্পাদক মুজাহিদ ইসলাম, সহকারী তথ্য ও গবেষণা সম্পাদক সিফাত আবু ছালেহ, সহকারী ক্রীড়া সম্পাদক আবু সাঈদ মুহাম্মদ নুন, সহকারী বিতর্ক ও সাহিত্য সম্পাদক নয়ন হোসেন এবং কার্যনির্বাহী সদস্য দীপ মাহবুব ও ইমজিয়াউল হক কামালি।