প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা বিধান রঞ্জন রায় পোদ্দার আশা প্রকাশ করেছেন, আগামী জানুয়ারির প্রথম সপ্তাহেই প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে সব বই তুলে দেয়া সম্ভব হবে। সোমবার (২৫ আগস্ট) দুপুরে নেত্রকোনা সদর উপজেলার বায়রাউড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
বিদ্যালয় পরিদর্শনের সময় জেলা প্রশাসক বনানী বিশ্বাস, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিকল্পনা ও উন্নয়ন কর্মকর্তা ফজলে এলাহীসহ জেলা ও পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এর আগে, উপদেষ্টা কেন্দুয়া উপজেলার সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়সহ আরো তিনটি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন।
পরিদর্শন শেষে শিক্ষার্থীদের উপস্থিতি নিয়ে সন্তোষ প্রকাশ করেন উপদেষ্টা। এ সময় তিনি বলেন, শিক্ষকদের পারফরম্যান্স খুব ভালো না হলেও মোটামুটি ভালো।
হাওরাঞ্চলে বর্ষা মৌসুমে শিক্ষার্থীদের উপস্থিতি কমে যাওয়া প্রসঙ্গে উপদেষ্টা বলেন, উপজেলা ও জেলা প্রশাসনের সহযোগিতায় অভিভাবকদের নিয়ে স্থানীয়ভাবে আলোচনা করে এ সমস্যার সমাধানের নির্দেশ দেয়া হয়েছে।
পরে তিনি নেত্রকোনা জেলা শহরের সাতপাই এলাকায় সদ্য প্রয়াত অধ্যাপক যতীন সরকারের আদ্য শ্রাদ্ধ অনুষ্ঠানে যোগ দেন।