ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে খাদে উল্টে পড়ে। এতে চারজন নিহত হওয়ার খবর মিলেছে। আহত হয়েছেন অন্তত ৪০ জন যাত্রী।
আজ দুপুর ১২টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার শাহবাজপুর ইউনিয়নের বৈশামোড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন সরাইল উপজেলার শাহবাজপুর এলাকার আরস আলী (৫৫), চুনারুঘাটের আলিফ (৭), নবীনগরের ইব্রাহিমপুর এলাকার তনয় মজুমদার (৩০) এবং মাধবপুরের কাটিয়ারা এলাকার মৌসুমি দাস (৩৫)।
হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দিগন্ত নামের বাসটি মহাসড়ক দিয়ে যাওয়ার সময় বৈশামোড়া এলাকায় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। মুহূর্তেই বাসটি সড়ক থেকে ছিটকে পাশের খাদে উল্টে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই চারজন যাত্রী নিহত হন।
খবর পেয়ে খাঁটিহাতা হাইওয়ে থানা পুলিশ এবং ফায়ার সার্ভিসের কর্মীরা স্থানীয়দের সহায়তায় দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেন।
দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে খাঁটিহাতা হাইওয়ে থানার সেকেন্ড অফিসার মো. আব্দুল বাতেন বলেন, বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যাওয়ায় হতাহতের ঘটনা ঘটেছে। চারজন নিহত হয়েছেন। বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।