১১তম গ্রেডে বেতন নির্ধারণের দাবিতে মহাসমাবেশ ডেকেছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা। আজ ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে শিক্ষকদের মহাসমাবেশ অনুষ্ঠিত হবে।
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের ছয়টি সংগঠনের মোর্চা ‘প্রাথমিক সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদ’ এ সমাবেশের ডাক দেয়।
আন্দোলন ও মহাসমাবেশের বিষয়ে বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির সভাপতি মোহাম্মদ শামছুদ্দীন মাসুদ বলেন, ‘আমরা দীর্ঘদিন থেকে ১১তম গ্রেডের জন্য আন্দোলন করে আসছি। সরকার থেকে বারবার আশ্বাস দিলেও দাবি বাস্তবায়ন হচ্ছে না। প্রধান শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের সিদ্ধান্ত হয়েছে। কিন্তু আমাদের দাবি বাস্তবায়ন করা হচ্ছে না। সে কারণেই আমরা মহাসমাবেশ আহ্বান করেছি।’
জোটের নেতারা জানান, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের কনসালটেশন কমিটির রিপোর্ট সংশোধন করে সহকারী শিক্ষকদের এন্ট্রি পদের বেতন জাতীয় বেতন স্কেলের ১১তম ধাপে নির্ধারণ করতে হবে।
একই পদে সন্তোষজনক চাকরির শর্ত পূরণ করা শিক্ষকদের ১০ বছর ও ১৬ বছরপূর্তিতে উচ্চতর গ্রেড দিতে হবে এবং সহকারী শিক্ষক থেকে প্রধান শিক্ষক পদে শতভাগ পদোন্নতি দিতে হবে। এসব দাবিতে মহাসমাবেশ অনুষ্ঠিত হবে।