প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে পদচারণ করেছেন তারেক রহমান। আজ বেলা পৌনে ১১টার দিকে তিনি বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে পৌঁছান। সেখানে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) আয়োজিত ‘বাংলাদেশে উচ্চ শিক্ষা রূপান্তর: টেকসই উৎকর্ষতার রোডম্যাপ’ শীর্ষক কর্মশালার উদ্বোধন করেন তিনি।
প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেয়ার আগে সর্বশেষ গত বছরের ২৭ ডিসেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এসেছিলেন তারেক রহমান। যুক্তরাজ্য থেকে দেশে ফেরার দুইদিন পর তিনি ইনকিলাব মঞ্চের নেতা ওসমান হাদির কবর জিয়ারত করতে ক্যাম্পাসে যান।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী তারেক রহমান ১৯৮৫-৮৬ শিক্ষাবর্ষে প্রথমে আইন বিভাগে ভর্তি হন। পরে বিভাগ পরিবর্তন করে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে অধ্যয়ন করেন। তিনি স্যার সলিমুল্লাহ মুসলিম হলের আবাসিক শিক্ষার্থী ছিলেন।
প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে আজ সকাল থেকেই ক্যাম্পাসে অবস্থান নেন জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীরা। সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিবসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা পৃথক মিছিল নিয়ে তাকে স্বাগত জানান। এছাড়া ঢাবি ছাত্রদল, বিভিন্ন হল শাখা এবং ঢাকা মহানগরীর বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরাও স্বাগত মিছিলে অংশ নেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলাম বলেন, প্রধানমন্ত্রীর এ সফর দেশের উচ্চশিক্ষা উন্নয়নে একটি তাৎপর্যপূর্ণ পদক্ষেপ। উদ্বোধনী পর্ব শেষে শিক্ষার্থী ও শিক্ষকদের সঙ্গে মতবিনিময় সেশনে অংশ নিয়ে প্রধানমন্ত্রী তাদের অভিজ্ঞতা ও মতামত শুনবেন।
তিনি বলেন, ঢাবির সাবেক শিক্ষার্থী হিসেবে তারেক রহমানের এ আগমন বর্তমান শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণার বিষয় এবং এর মাধ্যমে উচ্চশিক্ষা উন্নয়নে নতুন আলোচনা তৈরি হবে।