ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) নতুন সহ-উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক সীতেশ চন্দ্র বাছাড়। রাষ্ট্রপতির অনুমোদনক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের এক প্রজ্ঞাপনে গতকাল এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে ঢাকা বিশ্ববিদ্যালয় আদেশ, ১৯৭৩-এর ১৩ (১) ধারা অনুযায়ী সীতেশ চন্দ্র বাছাড়, ডিন, ফার্মেসি অনুষদ ও অধ্যাপক, ফার্মেসি বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়কে উক্ত বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য পদে চার বছরের জন্য নিয়োগ দেয়া হলো।
অধ্যাপক সীতেশ চন্দ্র বাছাড় বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সংগঠন নীল দলের বর্তমান আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি ফার্মেসি অনুষদের ডিন।
শর্তে বলা হয়, সহ-উপাচার্য হিসেবে অধ্যাপক ড. সীতেশ চন্দ্র বাছাড়ের নিয়োগের মেয়াদ যোগদানের তারিখ থেকে চার বছর হবে। তবে প্রযোজ্য ক্ষেত্রে তিনি নিয়মিত চাকরির বয়স পূর্তিতে মূল পদে প্রত্যাবর্তন করে অবসর গ্রহণের আনুষ্ঠানিকতা সম্পাদন শেষে ওই মেয়াদের অবশিষ্টাংশ পূর্ণ করবেন। উপযুক্ত পদে তিনি তার বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতাদি পাবেন।
আরো বলা হয়, ড. সীতেশ চন্দ্র বাছাড় বিধি অনুযায়ী পদসংশ্লিষ্ট অন্যান্য সুবিধা ভোগ করবেন এবং সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করবেন। বিশ্ববিদ্যালয়ের সংবিধি ও আইন দ্বারা নির্ধারিত ও উপাচার্য কর্তৃক প্রদত্ত ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন। তবে রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজন মনে করলে যেকোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন।