খালেদা জিয়ার চিকিৎসায় ব্রিটিশ চিকিৎসক দল এভারকেয়ারে

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসা সহায়তায় যুক্তরাজ্যের বিশেষজ্ঞ চিকিৎসক দল ঢাকায় পৌঁছেছেন। ডা. রিচার্ড বিয়েলের নেতৃত্বে এ চিকিৎসক দলটি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে গেছেন বলে জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের মিডিয়া সেলের সদস্য শায়রুল কবীর খান।

তিনি আরো জানান, আজ বুধবার সকাল ১০টা ২০ মিনিটে বিশেষজ্ঞ দলটি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। সেখান থেকে চিকিৎসক দল চলে যায় এভারকেয়ার হাসপাতালে। এ হাসপাতালেরই করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার চিকিৎসা চলছে।

গতকাল দুপুরে এ হাসপাতালের সামনে সংবাদ সম্মেলনে বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপি স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, খালেদা জিয়াকে বিদেশে নেয়ার জন্য বিএনপির সব প্রস্তুতি রয়েছে। তবে বর্তমান অবস্থা ও মেডিকেল বোর্ডের বাইরে কিছু করার সুযোগ নেই। যুক্তরাজ্য থেকে তাকে (খালেদা জিয়া) দেখার জন্য বিশেষজ্ঞ চিকিৎসক আসবেন। তারা দেখার পর তিনি যদি বাইরে যাওয়ার মতো অবস্থায় আসেন এবং যদি মেডিকেল বোর্ড মনে করে, তখন তাকে যথাযথভাবে চিকিৎসার জন্য বাইরে নিয়ে যাওয়া হবে।

চিকিৎসক দলের নেতৃত্ব দিচ্ছেন অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদার। চিকিৎসায় যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের কয়েকজন বিশেষজ্ঞ অনলাইনে এবং সরাসরি যুক্ত আছেন।

ডা. এ জেড এম জাহিদ হোসেনের বরাত দিয়ে বিএনপি মিডিয়া সেল জানিয়েছে, আজ রাতে চীন থেকেও চিকিৎসক দলের ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।

আরও