খুলনায় চায়ের দোকানে ঢুকে তাঁতী দলের নেতাকে কুপিয়ে হত্যা

খুলনা নগরের খালিশপুরে সোনা মিয়া নামে তাঁতী দলের এক নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার দিবাগত রাত ১২টার দিকে খালিশপুরের নয়াবাটি এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে বলে খালিশপুর থানার ওসি মো. তৌহিদুজ্জামান জানান। নিহত সোনা মিয়া ওই এলাকার বাসিন্দা আব্দুল জব্বার সরদারের ছেলে।

খালিশপুর থানা বিএনপির সভাপতি অ্যাডভোকেট শেখ মোহাম্মদ আলী বাবু বলেন, সোনা মিয়া জাতীয়তাবাদী তাঁতীদলের খালিশপুর থানার ১০ নম্বর ওয়ার্ডের আহ্বায়ক ছিলেন। ওই এলাকায় দীর্ঘ দিন ধরে চায়ের দোকানে করতেন তিনি।

নিহতের পরিবার এবং প্রত্যক্ষদর্শীর বরাতে ওসি বলেন, শনিবার দিবাগত রাত ১২টার দিকে সোনা মিয়া নিজ চায়ের দোকানে অবস্থান করছিলেন। এ সময় দুটি মোটরসাইকেলে চার জন দুর্বৃত্ত এসে তাকে লক্ষ্য করে ধারালো অস্ত্র দিয়ে পেটে আঘাত করে। প্রাণ বাঁচাতে দোকান থেকে বের হয়ে দৌড়ে কিছু দূর গিয়ে মাটিতে লুটিয়ে পড়েন তিনি।

হামলার পরপরই দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

খুলনা মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার সুদর্শন কুমার রায় জানান, হত্যাকাণ্ডের কারণ উদ্ঘাটন এবং জড়িতদের গ্রেফতারে পুলিশের একাধিক দল কাজ শুরু করছে।

আরও