বৈঠকের পর বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক নিয়ে ইতিবাচক বার্তা দিয়েছে দুই পক্ষই। বিদ্যমান দ্বিপক্ষীয় সম্পর্ককে আরো শক্তিশালী ও এগিয়ে নেয়ার বিষয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন মার্কিন বিশেষ দূত ও বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী।
গতকাল সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় অনুষ্ঠিত বৈঠকের পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্স হ্যান্ডেলে দেয়া এক পোস্টে সার্জিও গর বলেন, ‘বাংলাদেশে আমার প্রথম সফরে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করা এবং যুক্তরাষ্ট্র-বাংলাদেশ সম্পর্ক আরো শক্তিশালী করার লক্ষ্যে পারস্পরিক সহযোগিতার বিষয়ে আলোচনা করতে পেরে আমি আনন্দিত। দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে অনেক ইতিবাচক অগ্রগতি হচ্ছে।’
বৈঠকের পর পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানও যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের সম্পর্ককে ইতিবাচক অভিমুখে রয়েছে বলে উল্লেখ করেন। তিনি বলেন, ‘আমাদের দুই দেশের মধ্যে অত্যন্ত চমৎকার দ্বিপক্ষীয় সম্পর্ক রয়েছে। এটাকে আরো কীভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায় সে ব্যাপারে আমরা ইতিবাচক আলোচনা করেছি।’
পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘যুক্তরাষ্ট্রের বিশেষ দূতের সঙ্গে বৈঠকে দুই দেশের সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়েছে। এর মধ্যে বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি ও অভিবাসনের বিষয় ছিল।’ তবে স্বল্প সময়ে বিস্তারিত আলোচনা সম্ভব নয় উল্লেখ করে তিনি বলেন, ‘আমরা জেনারেল ওয়ে ফরওয়ার্ড নিয়ে আলোচনা করেছি। আমরা বলেছি, আমাদের সম্পর্কের অভিমুখ অত্যন্ত ইতিবাচক এবং আগামীতে আমরা আরো সমৃদ্ধ হব।’
তিনদিনের সফরে গতকাল সকালে ঢাকায় পৌঁছান সার্জিও গর। ঢাকায় পৌঁছানোর পর তাকে স্বাগত জানান বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন। পরে যুক্তরাষ্ট্র দূতাবাসের সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া এক পোস্টে তিনি বলেন, ‘সার্জিও গরের সফর যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের কৌশলগত অংশীদারত্ব, আঞ্চলিক নিরাপত্তা এবং অর্থনৈতিক সহযোগিতাকে আরো শক্তিশালী করবে।’
সফরের প্রথম দিন সন্ধ্যায় পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে বৈঠক করেন সার্জিও গর। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী ও যুক্তরাষ্ট্রের বিশেষ দূত তাদের প্রতিনিধিদের নিয়ে অংশ নেন। বৈঠকের পাশাপাশি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে প্রায় ২০ মিনিট একান্তে আলোচনা করেন সার্জিও গর। কূটনৈতিক সূত্র জানিয়েছে, সফরের শেষ দিনে সার্জিও গরের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠকের কথা রয়েছে। এছাড়া আজ কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থীদের পরিস্থিতি সরজমিনে পরিদর্শনের কথা রয়েছে তার।
বৈঠকে আঞ্চলিক নিরাপত্তা এবং চীন ও ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক নিয়ে যুক্তরাষ্ট্রের কোনো উদ্বেগের বিষয়ে আলোচনা হয়েছে কিনা জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এ বিষয়ে কোনো আলোচনা হয়নি। সুতরাং আমি ধরে নেব এ বিষয়ে কোনো উদ্বেগ নেই।’ এছাড়া অ্যাকুজিশন অ্যান্ড ক্রস-সার্ভিসিং এগ্রিমেন্ট (আকসা) ও জেনারেল সিকিউরিটি অব মিলিটারি ইনফরমেশন এগ্রিমেন্ট (জিসমিয়া) চুক্তি নিয়ে কোনো আলোচনা হয়েছে কিনা জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এ বিষয়ে কোনো আলোচনা হয়নি।’
রোহিঙ্গা সংকট প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আন্তর্জাতিক সম্প্রদায় থেকে বাংলাদেশ যে সহায়তা পায় তার অর্ধেকের বেশি আসে যুক্তরাষ্ট্র থেকে।’ মিয়ানমারের ওপর চাপ প্রয়োগের বিষয়ে আলোচনা না হলেও যুক্তরাষ্ট্রের সহায়তা অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন তিনি। একই সঙ্গে সমস্যা সমাধানে বাংলাদেশের বহুপক্ষীয় উদ্যোগের বিষয়টি যুক্তরাষ্ট্রকে জানানো হয়েছে বলেও জানান তিনি।
যুক্তরাষ্ট্রে বাংলাদেশের পণ্যের ওপর শুল্ক প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘নতুন ব্যবস্থায় বাংলাদেশের জন্য ১০ শতাংশ শুল্ক নির্ধারণ করা হয়েছে।’ অন্য কয়েকটি দেশ ১২ বা সাড়ে ১২ শতাংশ পেলেও বাংলাদেশ ১০ শতাংশ পেয়েছে বলে উল্লেখ করেন তিনি। একই সঙ্গে বাংলাদেশসহ কয়েকটি দেশের জন্য ট্যারিফ কোটা ব্যবস্থার মাধ্যমে অধিকতর বাজার সুবিধার সুযোগ তৈরি হয়েছে বলেও জানান তিনি।
এদিকে বৈঠকের পর বাংলাদেশে যুক্তরাষ্ট্রের ভ্রমণ সতর্কতার মাত্রা লেভেল-৩ (ভ্রমণ পুনর্বিবেচনা করুন) থেকে কমিয়ে লেভেল-২ (বাড়তি সতর্কতা অবলম্বন করুন) করা হয়েছে। বৈঠক শেষে সার্জিও গর টেক্সট বার্তার মাধ্যমে বিষয়টি পররাষ্ট্রমন্ত্রীকে অবহিত করেন। গতকাল রাতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, ভ্রমণ সতর্কতার এ পরিবর্তন বাংলাদেশের জন্য ইতিবাচক উন্নয়ন। এর মাধ্যমে বাংলাদেশ ভ্রমণের ক্ষেত্রে আগের তুলনায় নিরাপত্তা পরিস্থিতির উন্নতি প্রতিফলিত হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ভ্রমণ সতর্কতার উন্নয়ন বাংলাদেশের সামগ্রিক নিরাপত্তা পরিবেশ ও স্থিতিশীলতার বিষয়ে যুক্তরাষ্ট্রের ক্রমবর্ধমান আস্থার প্রতিফলন। গত ছয় মাসে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার সারা দেশে আইন-শৃঙ্খলা পরিস্থিতি শক্তিশালী করার ক্ষেত্রে দৃশ্যমান অগ্রগতি অর্জন করেছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।