নেত্রকোনার কেন্দুয়া পৌর শহরের একটি ব্যবসা প্রতিষ্ঠান থেকে ভিজিএফ কর্মসূচির ৩০৪ বস্তা সরকারি চাল জব্দ করেছে যৌথ বাহিনী। শুক্রবার (২০ জুন) রাতে বাদে আঠারোবাড়ী এলাকার মেসার্স নাহার ট্রেডার্সে অভিযান চালিয়ে এসব চাল জব্দ করা হয়।
দোকানটির মালিক কেন্দুয়া পৌর বিএনপির সভাপতি খোকন আহাম্মেদ (৫০)। তিনি ওই এলাকার আব্দুর রাশেদের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে যৌথ বাহিনী শুক্রবার রাতে কেন্দুয়া পৌর শহরের ওই ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালায়। দীর্ঘ সাত ঘণ্টার এ অভিযানে উদ্ধার করা হয় সরকারি মজুতের ৩০৪ বস্তা চাল, যার বাজারমূল্য প্রায় ৫ লাখ ৬৭ হাজার ৩০ টাকা।
অভিযানে নেতৃত্ব দেন মদন সেনা ক্যাম্পের ক্যাম্প কমান্ডার লেফটেন্যান্ট জামিউল ইসলাম সাকিব। তার নেতৃত্বে সেনাবাহিনী ও কেন্দুয়া থানা পুলিশের সমন্বয়ে অভিযান চালানো হয়।
অভিযানের খবর পেয়ে দোকান মালিক খোকন আহাম্মেদ দ্রুত চাল সরিয়ে ফেলার চেষ্টা করেন। তিনি একটি হ্যান্ডট্রলিতে করে চাল সরিয়ে কেন্দুয়া পৌর এলাকা ছাড়িয়ে সান্দিকোনা ইউনিয়নের বঙ্গানিয়া মোড় পর্যন্ত নিয়ে যান। তবে যৌথ বাহিনীর সদস্যরা ধাওয়া করে ট্রলিটি আটক করে। পরে সেখান থেকে সরকারি চালভর্তি হ্যান্ডট্রলিটি জব্দ করা হয়।
কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান বলেন, জব্দ ৩০৪ বস্তা চাল কেন্দুয়া উপজেলা প্রশাসনের হেফাজতে রাখা হয়েছে। ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।