গাইবান্ধায় ভোট কেন্দ্রে অসুস্থ হয়ে বৃদ্ধ ভোটারের মৃত্যু

গাইবান্ধার সাঘাটা উপজেলায় ত্রয়োদশ সংসদ নির্বাচনে ভোট দিতে গিয়ে বাশেদ আলী নামের এক বৃদ্ধ মারা গেছেন। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১২ টার দিকে উপজেলার ওসমানেরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে এ ঘটনা ঘটে।

মৃত বাশেদ আলী উপজেলার মধ্য ওসমানেরপাড়া কুদ্দুর আলীর ছেলে। পেশায় তিনি একজন কৃষক।

স্থানীয়রা জানান, বাশেদ আলী সকালে ভোট দিতে যান। ভোট দিয়ে বের হলে অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে তিনি মারা যান।

ওসমানেরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং অফিসার জহুরুল ইসলাম বলেন, কেন্দ্র থেকে প্রায় ৫০০ গজ দূরে গিয়ে বাশেদ আলী অসুস্থ হন। পরে তিনি মারা যান। নিহত বাশেদ আলীর ছোট ভাই সাইদুর রহমান কেন্দ্রে একটি প্রতীকের এজেন্ট ছিলেন। বড় ভাই মারা যাওয়ার কারণে লিখিত ভাবে বিষয়টি জানিয়ে অন্যকে এজেন্ট দিয়ে চলে গেছেন।

সাঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারি রিটার্নিং কর্মকর্তা আশরাফুল কবির জানান, বৃদ্ধের মৃত্যুর খবর আমরা পেয়েছি। এটি স্বাভাবিক মৃত্যুর ঘটনা।

আরও