চাঁদপুরে সড়ক দুর্ঘটনায় ২ জনের মৃত্যু

রোববার (৮ জুন) দুপুরে মতলব দক্ষিণ উপজেলার বরদিয়া ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

চাঁদপুরে যাত্রীবাহী বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে ২ জনের মৃত্যু হয়েছে। এ দুর্ঘটনায় শিশুসহ ৭ জন গুরুতর আহত হয়েছেন। চিকিৎসার জন্য তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহতরা হলেন- সিএনজিচালক ছিদ্দিকুর রহমান (৫০) ও যাত্রী তপন চৌধুরী (৩৫)।

রোববার (৮ জুন) দুপুরে মতলব দক্ষিণ উপজেলার বরদিয়া ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ছিদ্দিকুরের বাড়ি চাঁদপুরের মতলব উত্তরের ছোট হলুদিয়া গ্রামে। তপন চৌধুরী মতলব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মারা যান। তিনি মতলব দক্ষিণ উপজেলার বাসিন্দা।

দুর্ঘটনায় চাঁদপুর সদরের ইসলামপুরের গাছতলা এলাকার শাহ আলম (৪০), কুমিল্লার দাউদকান্দি উপজেলার সঞ্চয় ঘোষ (৪৫), তার স্ত্রী রিপা ঘোষ (৪০), নুসরাত আক্তার (১৮), অজ্ঞাত এক শিশুসহ আরো এক কিশোর আহত হয়েছে।

তাদের মধ্যে ৪ জন চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে এবং ২ জন মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। তবে এরই মধ্যে গুরুতর আহত শাহ আলমকে ঢাকায় রেফার করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে বরদিয়া ব্রিজ এলাকায় চাঁদপুরগামী সিএনজি ও ঢাকাগামী জৈনপুরী এক্সপ্রেসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজিতে থাকা সবাই গুরুতর আহত হন। ওই সময় এক শিশুর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় দ্রুত তাকে মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। বাকিদের আমরা চাঁদপুর সদর হাসপাতালে নিয়ে আসি।

চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের মেডিকেল অফিসার ডা. বিপ্লব দাস জানান, হাসপাতালে আনার সময় আহত সবার অবস্থা গুরুতর ছিল। এর মধ্যে চিকিৎসাধীন অবস্থায় সিএনজি চালক ছিদ্দিকুর মারা যান। আর শাহ আলমকে ঢাকার একটি হাসপাতালে প্রেরণ করা হয়েছে। তবে বাকিদের হাসপাতালেই চিকিৎসা দেয়া হচ্ছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সালেহ আহমেদ বলেন, এরই মধ্যে দুর্ঘটনাকবলিত এলাকা পরিদর্শন শেষে সিএনজি ও জৈনপুরী এক্সপ্রেসের বাসটি জব্দ করা হয়েছে। মরদেহ বর্তমানে চাঁদপুর সরকারি হাসপাতালে রয়েছে। তদন্ত শেষে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

আরও