ঢাকা বিশ্ববিদ্যালয়ের জামায়াতপন্থি শিক্ষকদের সংগঠন ‘ইউনিভার্সিটি টিচার্স লিংক (ইউটিএল)’-এর নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। ঘোষিত কমিটিতে সম্মতি ছাড়াই নাম অন্তর্ভুক্ত করার অভিযোগ তুলেছেন বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষক।
এরা হলেন সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক সালমা বেগম এবং সমাজকল্যাণ ইনস্টিটিউটের অধ্যাপক নুরুল ইসলাম। তারা দুজনই ইউটিএলের এমন কার্যক্রমে আপত্তি জানিয়ে সাদা দলের আহ্বায়ক অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগে অধ্যাপক সালমা বেগম লিখেছেন, আমি হঠাৎ একটি তালিকা লক্ষ্য করলাম, যেখানে আমার নাম আছে। কিন্তু এ ব্যাপারে আমি কিছুই জানি না। তাই এ বিষয়ে আপনার সহযোগিতা দরকার। আমার অনুমতি ছাড়া কাজটি ঠিক হয়নি।
একইভাবে অধ্যাপক নুরুল ইসলাম লিখেছেন, একটি তালিকায় দেখলাম ইউটিএল নামক এক সংগঠনের সদস্য আমি। এ ব্যাপারে অবহিত নই। এ অবস্থায় আপনার সহযোগিতা কামনা করছি।
বিষয়টি নিয়ে জানতে চাইলে সাদা দলের যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ড. আবদুস সালাম বণিক বার্তাকে বলেন, সংগঠন করা আমাদের সাংবিধানিক অধিকার। সেই অর্থে জামায়াতপন্থি শিক্ষকগণ ইউটিএল কমিটি করতেই পারেন। গণতন্ত্রমনা সংগঠন হিসেবে সাদা দলের নেতারা এ ধরনের উদ্যোগকে স্বাগত জানায়। তবে সম্মতি না নিয়ে কোনো ব্যক্তিকে কমিটিতে রাখা অনুচিত।
তিনি আরো বলেন, এরই মধ্যে আমাদের সংগঠনের দুইজন শিক্ষক লিখিতভাবে আপত্তি জানিয়েছেন। বিশ্ববিদ্যালয় শিক্ষক হিসেবে ইউটিএল নেতাদের এমন আচরণ অপ্রত্যাশিত।