দেশব্যাপী গ্যাস সংকট, লোডশেডিং, বিদ্যুতের মূল্যবৃদ্ধি ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে বিভিন্ন জেলায় কর্মসূচি পালন করেছে ১১ দলীয় ঐক্য। এসব কর্মসূচির অংশ হিসেবে চুয়াডাঙ্গা, ফেনী, বাগেরহাট ও নরসিংদীতে বিক্ষোভ মিছিল, সমাবেশ এবং জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি জমা দেয়া হয়।
চুয়াডাঙ্গায় গতকাল সকালে জেলা প্রশাসকের কাছে তার কার্যালয়ে স্মারকলিপি দেয় ১১ দলীয় ঐক্য। এতে আট দফা দাবি পেশ করা হয়। স্মারকলিপিতে গ্যাস সংকট নিরসন, লোডশেডিং বন্ধ ও বাজারে সিন্ডিকেট ভাঙার আহ্বান জানানো হয়। এ সময় জামায়াতের জেলা সেক্রেটারি অ্যাডভোকেট আসাদুজ্জামান বলেন, ‘গ্যাস ও বিদ্যুৎ সংকটে মানুষের জীবনযাত্রা স্থবির হয়ে পড়েছে। একই সঙ্গে ভুতুড়ে বিল আদায় জনমনে অসন্তোষ তৈরি করছে।’
একই দাবিতে ফেনীতে বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান কর্মসূচি অনুষ্ঠিত হয়। দুপুরে শহরের মুক্তিযোদ্ধা কমপ্লেক্স থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসকের হাতে স্মারকলিপি তুলে দেন নেতারা। জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আবদুর রহিম জানান, এটি কোনো রাজনৈতিক ইস্যু নয়। সাধারণ মানুষের স্বার্থেই তারা এ উদ্যোগ নিয়েছেন।
এদিকে বাগেরহাটে বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ শেষে প্রধানমন্ত্রীর কাছে পাঁচ দফা দাবিসংবলিত স্মারকলিপি দেয়া হয়। এতে শিল্প ও আবাসিক খাতে নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ ও প্রকৃত মিটার রিডিং অনুযায়ী বিদ্যুৎ বিল আদায়ের দাবি জানানো হয়।
নরসিংদীতে গত বুধবার একইভাবে ১১ দলীয় জোটের পক্ষে জেলা প্রশাসকের মাধ্যমে স্মারকলিপি দেয়া হয়। জোটের মুখ্য সমন্বয়ক মো. ইব্রাহিম ভূঁঞার নেতৃত্বে অন্য নেতাকর্মীরা এ কর্মসূচিতে অংশ নেন।
স্মারকলিপিগুলোতে উল্লেখ করা হয়েছে, গ্যাস ও বিদ্যুতের দাম বৃদ্ধিতে সাধারণ মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে। চাল, ডাল, তেল ও সবজিসহ নিত্যপণ্যের দাম এখন সাধারণ মানুষের নাগালের বাইরে। সরকারের অকার্যকর বাজার তদারকি ও অসাধু সিন্ডিকেটের কারণে জনভোগান্তি বাড়ছে। রাষ্ট্রের মৌলিক দায়িত্ব হিসেবে নাগরিকদের সেবা নিশ্চিত করতে সরকারকে অবিলম্বে কার্যকর ও দৃশ্যমান পদক্ষেপ নেয়ার জোর দাবি জানান জোটের নেতারা।