বকেয়া বেতন ও বোনাসের দাবিতে নারায়ণগঞ্জের ফতুল্লায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পোশাক শ্রমিকরা। গতকাল ঢাকা-নারায়ণগঞ্জ পুরাতন সড়কের পোস্ট অফিস মোড়ে হামিদ ফ্যাশনের শ্রমিকরা সকাল ১০টা থেকে বিক্ষোভ প্রদর্শন শুরু করেন। এতে সড়কের দুই পাশে পণ্যবাহী যানবাহন আটকা পড়ে। ভোগান্তি পোহাতে হয় সাধারণ মানুষকেও। পরে পুলিশ এসে শ্রমিকদের সরিয়ে সড়কে যান চলাচল স্বাভাবিক করে।
হামিদ ফ্যাশনের শ্রমিকরা জানান, তাদের এপ্রিল ও মে মাসের বেতন ও ঈদ বোনাস বকেয়া রয়েছে। গার্মেন্টস মালিক কর্তৃপক্ষ এক মাসের বেতন ও ঈদ বোনাস ৬০ শতাংশ দেয়ার জন্য প্রস্তাব দিয়েছিল। কিন্তু সবাই দুই মাস কাজ করেছে। তাই সবার দাবি দুই মাসের বকেয়া বেতন ও ফুল ঈদ বোনাস পরিশোধ করতে হবে। কিন্তু মালিকপক্ষ তা দিতে রাজি না হওয়ায় শ্রমিকরা ক্ষুব্ধ হয়ে রাস্তায় নেমে সড়ক অবরোধ করে।
কয়েকজন শ্রমিক জানান, গার্মেন্টস খোলার পর থেকে দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে হেঁটে, রিকশা ও ভ্যানে চড়ে মোটা অংকের টাকা খরচ করে তারা কাজে যোগ দিয়েছেন। কিন্তু গার্মেন্টস মালিক কর্তৃপক্ষ তাদের ন্যায্য পাওনা দুই মাসের বকেয়া বেতন ও ঈদ বোনাস দেয়ার নামে নানা টালবাহানা করছে। দুই মাসের দোকান বাকি, ঘর বাড়া বাকি রয়েছে। এসব বাকি পরিশোধ করতে না পারলে তাদের নানা বঞ্চনার শিকার হতে হবে। বাড়িভাড়া পরিশোধ করতে না পারলে বাড়ি থেকে বের করে দেয়া হবে। কিন্তু গার্মেন্টস কর্তৃপক্ষ আমাদের ন্যায্য পাওনাই দিচ্ছে না। তাই বাধ্য হয়ে আমরা রাস্তায় নেমেছি।
এ ব্যাপারে নারায়ণগঞ্জ শিল্প পুলিশ জোন-৪-এর ভারপ্রাপ্ত এসপি সৈকত শাহিন জানান, হামিদ ফ্যাশনের গার্মেন্টস শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে দেয়া হয়েছে। মালিকপক্ষের সঙ্গে বিষয়টির সমস্যা সমাধানের চেষ্টা চলছে।