‘পরিকল্পিত বনায়ন করি, সবুজ বাংলাদেশ গড়ি’ এ স্লোগানকে সামনে রেখে চুয়াডাঙ্গায় সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন করা হয়েছে।
এ উপলক্ষে বৃহস্পতিবার (৭ আগস্ট) সকাল সাড়ে ৯ টায় চুয়াডাঙ্গা জেলা প্রশাসক কার্যালয় চত্বর থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে কবরী রোডের মুক্তমঞ্চে গিয়ে শেষ হয়। এসময় ফিতা কেটে ও বেলুন উড়িয়ে সপ্তাহব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন করেন প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক (উপ-পরিচালক) শারমিন আক্তার।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মাসুদুর রহমান সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মিজানুর রহমান, সহকারী পুলিশ সুপার তাজরিনা সুলতানা, অধ্যাপক সিদ্দিকুর রহমান, বনবিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা রকিব উদ্দিন ও ছাত্র প্রতিনিধি সজিবুল ইসলাম বক্তব্য রাখেন।
প্রধান অতিথি শারমিন আক্তার বলেন, আমরা সবুজ অন্তর্ভুক্তমূলক এবং পরিবেশ ও জলবায়ু সহিঞ্চু নতুন বাংলাদেশ গড়তে চাই। যেখানে থাকবে না কোনো বৈষম্য। প্রাকৃতিক পরিবেশ তৈরী হবে আগামী প্রজন্মের জন্য। এই উদ্যোগকে সামনে নিয়ে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ ও বৃক্ষমেলা অনুষ্ঠিত হচ্ছে। এখানে নতুন প্রজন্মকে গাছের সঙ্গে পরিচয় করিয়ে দেয়া হবে। বাংলাদেশের সকল মানুষ যদি সবাই একটি করে গাছ লাগায়, তাহলে পরিবেশের ভারসাম্য রক্ষা হবে।
মেলায় অংশ নেয়া স্টল মালিকদের পুরস্কার ও সার্টিফিকেট দেয়া হবে বলেও জানান তিনি।