বাংলাদেশে নতুন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠানে অংশ নিতে ঢাকায় এসেছেন ভারতের লোকসভার স্পিকার ওম বিড়লা।
আজ মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকালে হযরত শাহজালাল বিমানবন্দরে তাকে বহনকারী বিমান অবতরণ করে।
লোকসভার স্পিকারের নেতৃত্বে ভারতীয় প্রতিনিধি দলকে স্বাগত জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব ড. মো. নজরুল ইসলাম, বাংলাদেশে ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা ও ভারতে বাংলাদেশের হাইকমিশনার মো. রিয়াজ হামিদুল্লাহ।
এর আগে সকালে ঢাকায় এসেছেন মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু। বিমানবন্দরে তাকে স্বাগত জানান পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।
১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে বিএনপি নেতৃত্বাধীন সরকারের মন্ত্রীরা আজ বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শপথ নেবেন। এ শপথ গ্রহণ অনুষ্ঠানে অংশ নিতে পাকিস্তানের সিনিয়র মন্ত্রী আহসান ইকবাল (পরিকল্পনা, উন্নয়ন ও বিশেষ উদ্যোগের ফেডারেল মন্ত্রী), ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগেসহ দক্ষিণ এশিয়ার আরো কয়েকটি দেশের প্রতিনিধিরা ঢাকায় আসছেন। শপথ অনুষ্ঠানে যোগ দেবেন যুক্তরাজ্যের ভারত-প্রশান্ত মহাসাগরীয় বিষয়ক আন্ডার সেক্রেটারি সীমা মালহোত্রাও।