আওয়ামী লীগ অফিস খোলায় জামায়াতের উদ্বেগ

অফিস খুলে আওয়ামী লীগের ‘দলীয় কার্যক্রম পরিচালনার অপচেষ্টা’য় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এক বিবৃতিতে এ কথা বলেন। বিবৃতিতে এহসানুল মাহবুব জুবায়ের বলেন, ‘বাংলাদেশ আওয়ামী লীগ একটি নিষিদ্ধ দল। তাদের রাজনৈতিক বা প্রশাসনিক কোনো কার্যক্রম পরিচালনার বৈধ এখতিয়ার নেই। সাম্প্রতিক জাতীয় নির্বাচনের পূর্বে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ আরো কতিপয় নেতা প্রকাশ্যে বলেছেন, বিএনপি সরকার গঠন করতে সক্ষম হলে আওয়ামী লীগের নেতাকর্মীদের মামলা থেকে মুক্তি, নিরাপত্তা ও বিশেষ সুবিধা দেয়া হবে। তাদের এ ধরনের বক্তব্যের সুযোগ নিয়ে নিষিদ্ধ দলটি আবারো সক্রিয় হওয়ার চেষ্টা করছে। বিশেষত শাসক দলের ছাড় দেয়ার মানসিকতা তাদের প্রত্যাশাকে উসকে দিচ্ছে। আমি সরকারের ছাড় দেয়ার মানসিকতায় গভীর উদ্বেগ প্রকাশ করছি এবং নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।’ তিনি বলেন, ‘আওয়ামী লীগ দেশের বিভিন্ন জায়গায় তাদের দলীয় অফিস খুলে জয়বাংলা স্লোগান দিচ্ছে এবং ভীতিকর পরিবেশ সৃষ্টি করছে। ফলে জনগণের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে এবং উদ্বেগ, উৎকণ্ঠা বিরাজ করছে।’

আরও