ভোটারের কেন্দ্রের অবস্থান নিয়ে বিভ্রান্তি দূর করতে চারটি সহজ পদ্ধতির কথা জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
ইসি জানিয়েছে, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও একই দিনে অনুষ্ঠিতব্য গণভোটে ভোটারদের অংশগ্রহণ সহজ করতে ভোটার নম্বর ও ভোটকেন্দ্রের তথ্য জানার জন্য প্রযুক্তিনির্ভর চারটি সেবা চালু করা হয়েছে। এসব সেবার মাধ্যমে ভোটাররা দ্রুত ও নির্ভুলভাবে নিজেদের ভোটকেন্দ্রের অবস্থান জানতে পারবেন।
অ্যাপের মাধ্যমে তথ্য জানার সুযোগ
ভোটাররা ‘স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডি’ অ্যাপ ব্যবহার করে ভোটার নম্বর ও ভোটকেন্দ্রের তথ্য জানতে পারবেন। গুগল প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে অ্যাপটি ডাউনলোড ও ইনস্টল করার পর ড্যাশবোর্ডে গিয়ে ‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন’ অপশন নির্বাচন করতে হবে। এরপর ‘ভোটকেন্দ্র খুঁজুন’ অপশনে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নম্বর ও জন্মতারিখ প্রদান করলে ভোটার নম্বর, ভোটার ক্রমিক নম্বর এবং ভোটকেন্দ্রের নাম ও ঠিকানা দেখা যাবে।
হটলাইন ১০৫
যেসব ভোটার স্মার্টফোন বা ইন্টারনেট ব্যবহার করতে স্বাচ্ছন্দ্যবোধ করেন না, তাদের জন্য রয়েছে হটলাইন সেবা। দেশের যেকোনো স্থান থেকে ১০৫ নম্বরে কল করে অপারেটরের সঙ্গে কথা বলতে ৯ চাপলে ভোটার নম্বর ও ভোটকেন্দ্রের তথ্য জানা যাবে। এ ক্ষেত্রে এনআইডি নম্বর ও জন্মতারিখ জানাতে হবে। প্রতিদিন সকাল ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত এ সেবা চালু থাকবে বলে জানিয়েছে ইসি।
এসএমএস সেবা
খুদে বার্তার মাধ্যমেও ভোটকেন্দ্রের তথ্য জানার সুযোগ রাখা হয়েছে। মোবাইলের মেসেজ অপশনে গিয়ে ‘পিসি এনআইডি’ লিখে ১০৫ নম্বরে পাঠালে ফিরতি এসএমএসে ভোটার নম্বর ও ভোটকেন্দ্রের বিস্তারিত তথ্য পাঠানো হবে।
ওয়েবসাইট ও গুগল ম্যাপ সুবিধা
নির্বাচন কমিশনের ওয়েবসাইট থেকেও ভোটকেন্দ্রের তথ্য জানা যাবে। ওয়েবসাইটের ‘ভোটকেন্দ্র’ মেনুতে গিয়ে নির্বাচনী এলাকা বা উপজেলা/থানা নির্বাচন করে কেন্দ্রের তালিকা দেখা যাবে। এছাড়া এনআইডি নম্বর ও জন্মতারিখ দিয়ে অনুসন্ধান করলে ব্যক্তিগত ভোটার তথ্যও পাওয়া যাবে। ওয়েবসাইটে গুগল ম্যাপের মাধ্যমে ভোটকেন্দ্রের অবস্থান, দূরত্ব ও যাওয়ার পথ দেখার সুবিধাও যুক্ত করা হয়েছে।
ইসি সূত্র জানায়, আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। একই দিনে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন বিষয়ে একটি গণভোটও আয়োজন করা হবে। ভোটারদের নির্বিঘ্ন অংশগ্রহণ নিশ্চিত করতে এসব ডিজিটাল সেবা চালু করা হয়েছে বলে জানিয়েছে কমিশন।