চাঁপাইনবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় দুই তরুণের মৃত্যুর পর পুলিশ বক্স ও ফাঁড়িতে হামলা-ভাঙচুর ও লুটপাটের ঘটনায় ১৫ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত ২৫০ থেকে ৩০০ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। এর মধ্যে এখন পর্যন্ত ৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার রাতে সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) শাকিল আহমেদ বাদী হয়ে মামলাটি করেন। অতিরিক্ত পুলিশ সুপার এনএম ওয়াসিম ফিরোজ এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে গতকাল শুক্রবার বিকালে চাঁপাইনবাবগঞ্জ শহরের সার্কিট হাউস মোড়ে পুলিশের সংকেত অমান্য করে পালিয়ে যাওয়ার সময় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে মারা যান রিফাত আলী ও সোহাগ আহমেদ। পরে ‘পুলিশের ধাক্কায় তারা নিয়ন্ত্রণ হারিয়েছে’ অভিযোগ তুলে সড়ক অবরোধ করে উত্তেজিত জনতা। এক পর্যায়ে পুলিশ বক্স ও ফাঁড়িতে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করা হয়। রাতে সেনাবাহিনী ও বিজিবির তৎপরতায় বিক্ষোভকারীরা সড়ক থেকে সরে গেলে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।
এনএম ওয়াসিম ফিরোজ বলেন, সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়েছে। মামলায় ১৫ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত ২৫০ থেকে ৩০০ জনকে আসামি করা হয়েছে। মামলার এজাহারে পুলিশ বক্স ও ফাঁড়িতে হামলা চালিয়ে ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগ করা হয়েছে।
তিনি বলেন, ঘটনার পর থেকে শনিবার রাত পর্যন্ত ৯ জনকে গ্রেফতার করা হয়েছে। যারা ঘটনার সঙ্গে সরাসরি জড়িত। বাকি আসামিদের গ্রেপ্তারে তৎপরতা শুরু করেছে পুলিশ।