রাজশাহী

ট্রেনের ধাক্কায় ট্রাক পড়ল ঘরের ওপর, শিশুসহ আহত ২

রাজশাহী রেল পুলিশ জানায়, চাঁপাইনবাবগঞ্জ থেকে রাজশাহীগামী একটি কমিউটার ট্রেন রেল ক্রসিং অতিক্রম করার সময় এ সংঘর্ষ ঘটে। ওই সময় একটি কাঠবোঝাই ট্রাক রেললাইন পার হচ্ছিল। রেললাইনের ওপর উঠে যাওয়ার পর হঠাৎ ট্রাকটির ইঞ্জিন বিকল হয়ে গেলে ট্রেনের সঙ্গে সজোরে সেটির ধাক্কা লাগে।

রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা এলাকায় একটি যাত্রীবাহী ট্রেনের ধাক্কায় কাঠবোঝাই একটি ট্রাক গিয়ে পড়েছে রেললাইনের পাশের বস্তির এক ঘরের ওপর। এতে ৩ বছরের এক শিশুসহ দুইজন আহত হয়েছেন। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে কাশিয়াডাঙ্গা রেলক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

রাজশাহী রেল পুলিশ জানায়, চাঁপাইনবাবগঞ্জ থেকে রাজশাহীগামী একটি কমিউটার ট্রেন রেলক্রসিং অতিক্রম করার সময় এ সংঘর্ষ ঘটে। ওই সময় একটি কাঠবোঝাই ট্রাক রেললাইন পার হচ্ছিল। রেললাইনের ওপর উঠে যাওয়ার পর হঠাৎ ট্রাকটির ইঞ্জিন বিকল হয়ে গেলে ট্রেনের সঙ্গে সজোরে সেটির ধাক্কা লাগে।

সংঘর্ষের তীব্রতায় ট্রাকটি ভেঙে কয়েক খণ্ড হয়ে রেললাইনের দক্ষিণে বস্তির ঘরের ওপর গিয়ে পড়ে। এতে ঘরটি ভেঙে যায়। ঘরের ভেতরে থাকা সানোয়ারা বেগম (৪০) ও তার ছেলে আলী হোসেন (৩) গুরুতর আহত হন।

খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করেন। পরে তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

দুর্ঘটনার পর ট্রেনটির ইঞ্জিন ক্ষতিগ্রস্ত হয়ে রেললাইনের ওপরই থেমে যায়। পরে রেলওয়ে কর্তৃপক্ষ রাজশাহী রেলস্টেশন থেকে বিকল্প ইঞ্জিন এনে ট্রেনটি সরানোর উদ্যোগ নেয়।

রাজশাহী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফয়সাল বিন আহসান জানান, মূলত ট্রাকের ইঞ্জিন বিকল হওয়ার কারণেই দুর্ঘটনাটি ঘটেছে। রাতে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে বলেও জানান তিনি।

আরও