জ্বালানি সংকট সমাধানে ১০ সদস্যের কমিটি

মধ্যপ্রাচ্যে চলমান সংকটের প্রভাবে দেশে সৃষ্ট জ্বালানি সংকট সমাধানে ১০ সদস্যের বিশেষ কমিটি গঠন করেছে জাতীয় সংসদ।

বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ থেকে ৩০ দিন ধরা হয়েছে এ কমিটির মেয়াদ। স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে গতকাল চিফ হুইপ নুরুল ইসলাম কমিটি গঠনের প্রস্তাবটি জাতীয় সংসদে উত্থাপন করেন। পরে সেটি সর্বসম্মতিক্রমে পাস হয়।

প্রস্তাব উপস্থাপনকালে চিফ হুইপ নুরুল ইসলাম বলেন, মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে জ্বালানি তেল নিয়ে বৈশ্বিক সমস্যা সৃষ্টি হয়েছে, যার আঁচ এসে লেগেছে বাংলাদেশেও। এমন পরিস্থিতি মোকাবেলায় করণীয় নির্ধারণে সংসদে ঐতিহাসিক ঐকমত্যের ভিত্তিতে বিরোধী দলের নেতার প্রস্তাবমতো সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারি ও বিরোধী দলের সদস্যদের সমন্বয়ে একটি ১০ সদস্যবিশিষ্ট কমন কমিটি গঠনে একমত হয়েছেন। সংসদে এ কমিটিতে সংসদ নেতা সরকারি দলের পাঁচ সদস্যের নাম প্রস্তাব করেন। সেই সঙ্গে সংসদ নেতার অনুরোধে বিরোধীদলীয় নেতাও পাঁচ সদস্যের নাম প্রস্তাব করেছেন।

কার্যপ্রণালি বিধির ২৬৬ বিধি অনুযায়ী চিফ হুইপ বিশেষ কমিটির সদস্যদের নাম প্রস্তাব করেন। কমিটির সভাপতি সিরাজগঞ্জ-২ আসনের সংসদ সদস্য এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। কমিটির সদস্যরা হলেন যশোর-৩ আসনের সংসদ সদস্য এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত; লক্ষীপুর-৪ আসনের সংসদ সদস্য এবিএম আশরাফ উদ্দিন (নিজান); শরীয়তপুর-৩ আসনের মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু; মানিকগঞ্জ-২ আসনের মঈনুল ইসলাম খান; ঢাকা-১২ আসনের মো. সাইফুল আলম; চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের মো. নুরুল ইসলাম; ঢাকা-১৬ আসনের মো. আব্দুল বাতেন; কুমিল্লা-৪ আসনের মো. আবুল হাসনাত ও সিলেট-৫ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আবুল হাসান।

কমিটির সদস্যদের নাম প্রস্তাবের পর স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বিষয়টি ভোটে দেন। পরে সর্বসম্মতিক্রমে তা পাস হয়। কমিটির কার্যপরিধি ও মেয়াদ সম্পর্কে চিফ হুইপ বলেন, ‘এ কমিটির মেয়াদ হবে ৩০ দিন। তারা সাম্প্রতিক জ্বালানি নিয়ে উদ্ভূত পরিস্থিতি মোকাবেলায় করণীয় সম্পর্কে সংসদে সুপারিশসহ রিপোর্ট প্রদান করবেন।’

আরও