রাজধানীর কলাবাগানের তেঁতুলতলা মাঠে ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার ঈদের দিন সকালে মাঠটিতে জামাত নামাজ আদায় করেন এলাকাবাসী। থানা নির্মাণের পরিকল্পনা নিয়ে ব্যাপক অনিশ্চয়তার মধ্যে থাকা এলাকার বাসিন্দারা মাঠটিতে নামাজ আদায় করতে পেরে খুশি। এলাকাবাসীর পক্ষে ওই ঈদের জামাতের আয়োজন করছে উত্তর ধানমন্ডি মসজিদ কমিটি।
এলাকাবাসীর পাশাপাশি তেঁতুলতলা মাঠে ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হওয়ায় খুশি সৈয়দা রত্নাও। তিনি মাঠটিতে থানা নির্মাণের প্রতিবাদে সম্প্রতি পুলিশের হাতে আটক হয়েছিলেন।
ঈদ জামাত আয়োজনে সংশ্লিষ্ট একেএম কামরুজ্জামান বলেন, মাঠটি যে শিশুদের জন্য উন্মুক্ত করা হয়েছে, তাতেই আমরা অনেক খুশি। সবকিছুর পরে আমরা এ মাঠে ঈদের জামাত আদায় করতে পেরে খুশি।
চলতি বছরের ৩১ জানুয়ারি ঢাকা জেলা প্রশাসকের কার্যালয় কলাবাগান থানার ভবন নির্মাণের জন্য খেলার মাঠটি ডিএমপির কাছে হস্তান্তর করে। কয়েক মাস ধরে, শিশুদের স্বার্থে এটিকে সেভাবে রাখার দাবি জানিয়ে বিক্ষোভ করে আসছিলেন স্থানীয় বাসিন্দারা। পরিবেশবাদী ও স্থানীয়দের দাবির পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ২৮ এপ্রিল তেঁতুলতলাকে খেলার মাঠ হিসেবে রাখার নির্দেশ দেন। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, খেলার মাঠ সবার জন্য উন্মুক্ত থাকবে, তবে তা পুলিশের এখতিয়ারে থাকবে।