বকেয়া বেতন পরিশোধ ও বন্ধ কারখানা খুলে দেয়ার দাবিতে গাজীপুরে বিক্ষোভ করেছে ফারদার ফ্যাশনস লিমিটেডের শ্রমিকরা। শনিবার (১২ জুলাই) সকাল ১১টায় গাজীপুরে জাতীয় বিশ্ববিদ্যালয় সংলগ্ন মোগরখালে অবস্থিত কারখানার সামনে শ্রমিকরা বিক্ষোভ মিছিল শুরু করেন।
শ্রমিকরা অভিযোগ করে বলেন, তাদের গত মাসের বেতন এখনো পরিশোধ করা হয়নি। মালিকপক্ষ বারবার প্রতিশ্রুতি দিলেও তার বাস্তবায়ন হয়নি। তারা বলেন, আমাদের বলা হয়েছিল, গত মাসের বেতন শিগগিরই পরিশোধ করা হবে। আজ মাসের ১২ তারিখ, এখনো কোনো বেতন পাইনি। বেতনের দাবিতে গত চারদিন আমরা আন্দোলন করে আসছি। অথচ আজ এসে দেখি কারখানায় তালা ঝোলানো, ঘোষণা এসেছে লে-অফের।
গাজীপুর শিল্প পুলিশের পরিদর্শক মো. ফারুক উল আলম বলেন, গত চারদিন ধরে শ্রমিকরা কারখানায় কর্মবিরতি করে আসছিল। এ পরিস্থিতিতে মালিকপক্ষ আজ সাময়িকভাবে নীট ও ওভেন শাখা বন্ধ (লে-অফ) ঘোষণা করেছে। শ্রমিকরা সকালে কারখানায় এসে এই নোটিস দেখে ক্ষুব্ধ হয়ে বিক্ষোভ শুরু করে।
তিনি বলেন, এক পর্যায়ে শ্রমিকেরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নেন। পরে আমরা শ্রমিকদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে নিই। শ্রমিকরা দুপুর ১২টার দিকে কারখানার সামনে চলে যায়।