দুধে ভেজাল দেয়ায় সিরাজগঞ্জ সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের শ্যামনগর গ্রামের এক ব্যবসায়ীকে অর্ধলক্ষ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। দুধের ব্যবসায়ী মো. নুরুল ইসলাম (৪৫) ওই গ্রামের মো. নজাব আলীর ছেলে। গতকাল রোববার সন্ধ্যায় আদালত তাকে ৫০ হাজার টাকা জরিমানা করেন।
ভ্রাম্যমাণ আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফয়সাল আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে শ্যামনগরে ওই দুধের ব্যবসায়ীর বাড়িতে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। জব্দকৃত দুধ যন্ত্র দিয়ে পরীক্ষা করলে ভেজালের বিষয়টি ধরা পড়ে।
ব্যবসায়ী নুরুল ইসলাম ভেজাল দেয়ার কথা স্বীকার করে বলেছেন, প্রায় ত্রিশ বছর ধরে তিনি দুধের ব্যবসা করছেন। নিজের চারটি গাভী থেকে প্রায় ৩৫ লিটার দুধ আসে। কিন্তু দৈনিক তিন থেকে চার মণ দুধ বিক্রি করেন তিনি। নিজের গাভীর দুধের সঙ্গে বাজার থেকে কেনা ননিবিহীন দুধ এবং পানি এর সঙ্গে মিশিয়ে জ্বাল করে বিক্রি করেন তিনি।
অভিযানকালে উপস্থিত ছিলেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. এস এম মাহমুদুল হক, সিরাজগঞ্জ সদর জেলা সেনেটারি ইন্সপেক্টর ডিপু চৌধুরী, সিরাজগঞ্জ এবং সিরাজগঞ্জ ব্যাটেলিয়ান আনসারের সদস্যরা।