পঞ্চগড়ে মৌসুমের প্রথম শৈত্যপ্রবাহ গত চারদিন ধরে বিরাজ করছে। তাপমাত্রা কমে গিয়ে এক অঙ্কে নেমেছে। গত ১০ ডিসেম্বর থেকে ৯ থেকে ১০ ডিগ্রির ঘরে তাপমাত্রা উঠানামা করছে। আজ রোববার (১৪ ডিসেম্বর) সকাল ছয়টায় ৯ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে তেঁতুলিয়া আবহাওয়া অফিস। সেই সঙ্গে, ১০-১২ কিলোমিটার গতিবেগে বাতাস বয়ে যাচ্ছে মাঝে মাঝে।
গত ২৪ ঘণ্টায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ২৭ ডিগ্রি রেকর্ড হয়েছে। সকাল থেকে সূর্যের দেখা মিললেও কনকনে ঠাণ্ডায় নিম্ন আয়ের শ্রমিকরা দুর্ভোগে পড়েছেন। সকালে রোদ উঠলেও নেই রোদের তীব্রতা। বিশেষ করে বালুশ্রমিক ও ইজিবাইক চালকরা পড়েছেন বিপাকে। রাতের বেলায় ঠাণ্ডার মাত্রা বেড়ে যায় আর সকালে সূর্য উঠার আগ পর্যন্ত থাকে প্রচণ্ড ঠাণ্ডার প্রকোপ।
তেঁতুলিয়া প্রথম শ্রেণি আবহাওয়া পর্যবেক্ষণাগাড়ের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেনন্দ্রনাথ রায় জানান, এই মৌসুমে তাপমাত্রা ৮ ডিগ্রির ঘরে নেমে গেছে গতকাল। চারদিন থেকে এই জেলায় মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। তবে রোদের দেখা পাওয়ায় কিছুটা স্বস্তি আছে। ডিসেম্বরের বাকি দিনগুলোয় তাপমাত্রা আরো কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে।