সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ ঢাকার বাতাসে উন্নতির দেখা নেই। টানা কয়েকদিন বৃষ্টির প্রভাবে এ শহরের বাতাসের মান ‘মাঝারি’ বা ‘সহনীয়’ থাকলেও আজ তা ‘সংবেদনশীলদের জন্য অস্বাস্থ্যকার’ হয়ে উঠেছে।
শুক্রবার (১৮ জুলাই) সকাল ১০টার দিকে ঢাকার বাতাসের একিউআই স্কোর ছিল ১২৩। এই স্কোর নিয়ে আবারও বিশ্বের দূষিত বাতাসের শহরের তালিকার শীর্ষ দশে চলে এসেছে শহরটি। গতকাল একই সময়ে বৃষ্টির পর এ শহরের বাতাসের একিউআই স্কোর ছিল ৬৮।
একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউ এয়ার। তাদের সূচক বলছে, আজ তালিকার শীর্ষে অবস্থান করছে কঙ্গোর কিনশাসা, শহরটির স্কোর ১৭৪। দ্বিতীয় স্থানে রয়েছে ইন্দোনেশিয়ার জার্কাতা, স্কোর ১৬৭। ১৫৯ স্কোর নিয়ে তালিকার তৃতীয় স্থানে পাকিস্তানের লাহোর।
আইকিউ এয়ারের মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এ ছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।