আন্তর্জাতিক নারী দিবস ২০২৫ উপলক্ষে গ্রীন ভয়েস এবং বহ্নিশিখার আয়োজনে ‘২৪ এর চেতনায় নারীর অধিকার-সমতা ও ক্ষমতায়ন’ শীর্ষক আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার (৮ মার্চ) বিকালে কেন্দ্রীয় শহীদ মিনারে এ দিবস পালিত হয়।
আলোচনা সভা শুরু হওয়ার আগে নারী দিবসের র্যালিটি কেন্দ্রীয় শহীদ মিনার থেকে টিএসসির রাজু ভাস্কর্য হয়ে আবার শহীদ মিনারে এসে শেষ হয়।
আলোচনা সভায় বক্তারা বলেন, বাংলাদেশে নারী নির্যাতন ও সহিংসতার হার ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। যেকোনো দুর্যোগ বা সংকটে নারীদের ওপর সহিংসতা বৃদ্ধি পায়, যা সম্প্রতি ঘটে যাওয়া ঘটনাবলীর মধ্যেও প্রতিফলিত হয়েছে। ২০২৪ সালেই ২ হাজার ৫২৫ জন নারী ও কন্যাশিশু লিঙ্গভিত্তিক সহিংসতার শিকার হয়েছেন। এর মধ্যে ৫১৬ জন ধর্ষণের শিকার হয়েছেন, যার মধ্যে ৩৬৭ জন কন্যাশিশু। দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন ১৪২ জন। ধর্ষণের ফলে ২৩ জনকে হত্যা করা হয়েছে এবং ৬ জন আত্মহত্যা করেছেন। এছাড়াও ৯৪ জন ধর্ষণচেষ্টার শিকার হয়েছেন। যৌন সহিংসতার শিকার হয়েছেন ১৮১ জন, এবং বিভিন্ন কারণে ৫২৮ জনকে হত্যা করা হয়েছে, যার মধ্যে ৭৭ জন কন্যাশিশু। পারিবারিক সহিংসতার কারণে ২৫ জন কন্যাশিশু শারীরিক নির্যাতনের শিকার হয়েছেন। গৃহকর্মীদের ওপর নির্যাতনের ফলে ১৪ জন নিহত হয়েছেন এবং ১ জন আত্মহত্যা করেছেন।
তারা বলেন, বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে নারীরা শিক্ষা, স্বাস্থ্যসেবা, কর্মসংস্থান এবং রাজনৈতিক প্রতিনিধিত্বের ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করলেও, তারা এখনো পারিবারিক, সামাজিক ও প্রাতিষ্ঠানিক বৈষম্যের শিকার। আধুনিক সমাজ, প্রযুক্তি ও অর্থনীতির পরিবর্তনের সঙ্গে নতুন চ্যালেঞ্জও তৈরি হয়েছে। কর্মসংস্থান, স্বাস্থ্য, নিরাপত্তা ও সামাজিক স্বীকৃতি অর্জনে নারীদের লড়াই অব্যাহত রয়েছে।
নারী সহিংসতা রোধে ‘বহ্নিশিখা’ ৬টি দাবি পেশ করে। দাবিগুলো হলো— নিরাপত্তা ও আইনি ব্যবস্থা, শিক্ষা ও সচেতনতা, স্বাস্থ্য ও প্রজনন সেবা, কর্মক্ষেত্রে নিরাপত্তা ও সমান সুযোগ, পরিবহন ও গণপরিসরে নিরাপত্তা এবং আইন সংস্কার ও ন্যায়বিচার।