আর্জেন্টিনা সমর্থকদের উদ্যোগে নির্মিত হয়েছে মেসির ১৬ ফুট উচ্চতার ভাস্কর্য। পিছিয়ে নেই ব্রাজিল সমর্থকরাও। প্রিয় তারকা নেইমারের প্রতিকৃতি স্থাপনের পাশাপাশি ব্রাজিলের বিশাল পতাকা টানিয়েছেন তারা।
স্থানীয় ভক্ত ও অনুরাগীদের উদ্যোগ গ্রামের আর্জেন্টিনা সমর্থকরা গত ২২ মে থেকে ছন, বাঁশ, কাঠ ও মাটি দিয়ে ভাস্কর্য তৈরির কাজ শুরু করে। এখন সেটি রঙ ও তুলির টানে ফুটিয়ে তোলা হচ্ছে। ১৭ জুন আর্জেন্টিনার ম্যাচের আগেই এটির কাজ শেষ হবে। প্রায় ১ লাখ টাকা ব্যয়ে নির্মিত এ ভাস্কর্যটি এরই মধ্যে স্থানীয়দের মাঝে ব্যাপক আগ্রহ তৈরি করেছে। অন্যদিকে গ্রামের ব্রাজিল সমর্থকরা তৈরি করেছেন নেইমার জুনিয়রের বিশাল প্রতিকৃতি। একই সঙ্গে বহুগ্রাম বাজারজুড়ে টানানো হয়েছে ৩৬০ ফুট দৈর্ঘ্যের একটি বিশাল ব্রাজিলের পতাকা।
বিশ্বকাপকে ঘিরে বহুগ্রাম এখন পরিণত হয়েছে বর্ণিল ফুটবল উৎসবে। শুধু আর্জেন্টিনা বা ব্রাজিল নয়, এলাকায় টানানো হয়েছে জার্মানি ও স্পেনের পতাকা।
আয়োজনের পরিধি শুধু ভাস্কর্য বা পতাকাতেই সীমাবদ্ধ থাকছে না। বড় পর্দায় প্রজেক্টরের মাধ্যমে বিশ্বকাপের ম্যাচ সরাসরি সম্প্রচারের ব্যবস্থা করা হবে। পাশাপাশি দর্শকদের জন্য সাংস্কৃতিক অনুষ্ঠান ও কনসার্ট আয়োজনের পরিকল্পনাও রয়েছে।
এ উদ্যোগকে আন্তরিকভাবে গ্রহণ করেছেন স্থানীয়রা। বহুগ্রামের বাসিন্দা নিহার মুখার্জি জানালেন, বিশ্বকাপকে ঘিরে তরুণদের অংশগ্রহণ, দলীয় সমর্থন ও মিলন মেলার একটি উৎসবমুখর পরিবেশ তৈরি করেছে। আয়োজক সজিব বিশ্বাস বলেন, ‘আমাদের গ্রাম এরই মধ্যে মেসির গ্রাম হিসেবে পরিচিতি পেয়েছে। এটি মেসির শেষ বিশ্বকাপ। তাই তার জন্য এমন কিছু করেছি, যেটা বাংলাদেশের কেউ করেনি।’
ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকরা একসঙ্গে বসে খেলা দেখবেন। বিশ্বকাপ ঘিরে কোনো বিশৃঙ্খলা হবে না বলে আশ্বাস দিয়েছেন ব্রাজিল সমর্থক সুধাংশু মজুমদার।