মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় তিন বাংলাদেশী নাগরিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো দুজন। স্থানীয় সময় শুক্রবার (১ আগস্ট) সন্ধ্যায় দেশটির কুয়ানতান শহরে ইস্ট কোস্ট হাইওয়ে (এলপিটি-১) এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
কুয়ানতানের ভারপ্রাপ্ত পুলিশ প্রধান সুপারিনটেনডেন্ট মোহাম্মদ আদলি মাত দাউদের বরাতে এমনটাই জানিয়েছে মালয়েশিয়ার সংবাদ মাধ্যম দ্য স্টার। নিহতরা হলেন গাড়িচালক সাব্বের হাসান (৩০), যাত্রী জাহিদ হাসান (২১) ও আবদুল্লাহ (২৪)। আহত দুজন হলেন হাবিব বিশ্বাস (৪৫) ও মনিরাম চন্দ্র বসু (৪০)। তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশের বরাতে দ্য স্টার জানিয়েছে, শুক্রবার সন্ধ্যায় একটি টয়োটা অ্যাভাঞ্জা গাড়িতে তারা কুয়ানটান থেকে রাজধানী কুয়ালালামপুরের দিকে যাচ্ছিলেন। পথে ইস্ট কোস্ট হাইওয়ে (এলপিটি-১) এলাকায় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা থেকে বাম দিকে ছিটকে পড়ে। ঘটনাস্থলেই তিনজন মারা যান। আর গাড়িতে থাকা আরো দুই যাত্রী গুরুতর আহত হন। তাদের কুয়ানতানের টেংকু আমপুয়ান আফজান হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, নিহত চালকের বৈধ ড্রাইভিং লাইসেন্স ছিল না। পাশাপাশি গাড়িটির রোড ট্যাক্স চলতি বছরের মে মাসে মেয়াদোত্তীর্ণ হয়েছে। তদন্তে এসব বিষয় খতিয়ে দেখা হচ্ছে।