চট্টগ্রাম বন্দরের আমদানি-রফতানি কার্যক্রম নির্বিঘ্ন রাখতে এবং জনশৃঙ্খলার স্বার্থে বন্দর সংলগ্ন বিভিন্ন এলাকায় সব ধরনের সভা-সমাবেশ, মিছিল এবং অস্ত্র ও বিস্ফোরক বহন নিষিদ্ধ ঘোষণা করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)।
শনিবার (৩১ জানুয়ারি) সিএমপি কমিশনার হাসিব আজিজ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নিষেধাজ্ঞা জারি করা হয়।
১ ফেব্রুয়ারি রাত থেকে ২ মার্চ পর্যন্ত এক মাসের জন্য এই আদেশ কার্যকর থাকবে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বন্দর সংলগ্ন বারেক বিল্ডিং মোড়, নিমতলা মোড়, ৩নং জেটি গেট, কাস্টমস মোড়, সল্টগোলা ক্রসিং সহ আশপাশের এলাকাগুলোতে এ নিষেধাজ্ঞা কার্যকর হবে। এসব এলাকায় যেকোনো ধরনের মিছিল, সভা-সমাবেশ, মানববন্ধন ও পথসভা নিষিদ্ধ।
অস্ত্রশস্ত্র, তলোয়ার, বল্লম, বন্দুক, ছোরা, লাঠি, বিস্ফোরক দ্রব্য এবং ইট-পাথর বহন বা ব্যবহার করা যাবে না।
সিএমপি জানায়, চট্টগ্রাম বন্দর দেশের অর্থনীতির প্রাণকেন্দ্র এবং একটি ‘ক’ শ্রেণির অতি গুরুত্বপূর্ণ স্থাপনা (কেপিআই)। প্রতিদিন ৫ থেকে ৬ হাজার ভারী যানবাহন এই বন্দর দিয়ে যাতায়াত করে। বন্দর এলাকায় সভা-সমাবেশ বা মিছিলের ফলে তীব্র যানজটের সৃষ্টি হয়, যা আমদানি-রফতানি কার্যক্রমকে ব্যাহত করে। এটি জাতীয় অর্থনীতির জন্য যেমন ক্ষতিকর, তেমনি জাতীয় নিরাপত্তার জন্যও হুমকিস্বরূপ।
তবে সামনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ থাকায় এই নিষেধাজ্ঞায় কিছুটা শিথিলতা রাখা হয়েছে। নির্বাচনে অংশগ্রহণকারী রাজনৈতিক দল এবং স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থীদের নির্বাচনী প্রচার-প্রচারণা, মিছিল ও সমাবেশ এই নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবে।
পুলিশ প্রশাসন জানিয়েছে, এই আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।