বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজের দিঘি থেকে দুই শিশুর মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডুবুরি দল। গতকাল রাত ১০টার দিকে মেডিকেল কলেজের কেন্দ্রীয় মসজিদের সামনের দিঘি থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।
নিহতরা হলো বরিশালের বাকেরগঞ্জ উপজেলার চৈতা রঘুনাথপুর এলাকার বিপ্লব মল্লিকের ছেলে মো. আরাফাত মল্লিক (১০) এবং ভোলা জেলার চরফ্যাশন উপজেলার বাসিন্দা মো. বেল্লালের ছেলে আকাশ (১০)। আরাফাত ঢাকার একটি মাদ্রাসার ছাত্র এবং আকাশ বরিশাল নগরের ভাটারখাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।
আকাশের চাচা মাসুদ জানান, আকাশ পরিবারের সঙ্গে বরিশাল নগরের বান্দরোড এলাকার চরের বাড়িতে বসবাস করত। মঙ্গলবার দুপুরে পরিবারের অজান্তে সে বাসা থেকে বের হয়ে যায়। পরে রাতে স্থানীয়দের মাধ্যমে মেডিকেল কলেজের দিঘি থেকে মরদেহ উদ্ধারের খবর পান তারা।
অন্যদিকে আরাফাতের মামা সুরুজ জানান, আরাফাত বাবা-মায়ের সঙ্গে ঢাকায় থাকত। ঈদুল আজহা উপলক্ষে একদিন আগে সে বরিশালে মামার বাড়িতে বেড়াতে আসে। মঙ্গলবার দুপুরে আকাশের সঙ্গে বাসা থেকে বের হওয়ার পর আর ফিরে আসেনি। খোঁজাখুঁজির একপর্যায়ে জানতে পারেন, দুই শিশু গোসল করতে মেডিকেল কলেজের দিঘিতে গিয়েছিল। পরে সেখান থেকেই তাদের মরদেহ উদ্ধার করা হয়।
বরিশাল ফায়ার স্টেশনের টিম লিডার নজরুল ইসলাম বলেন, রাত সাড়ে ৯টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ডুবুরি শাহিনের নেতৃত্বে তল্লাশি অভিযান চালানো হয়। একপর্যায়ে দিঘি থেকে দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়। উদ্ধার শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।