দ্রুততম সময়ের মধ্যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বিষয়ে সিদ্ধান্ত না এলে সারা দেশ থেকে আবার ঢাকা শহরে মার্চ করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।
আজ শুক্রবার (৯ মে) রাত আটটার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্ট থেকে এক পোস্টে নাহিদ ইসলাম বলেন, ‘শাহবাগের অবস্থান চলমান থাকবে। দলমত নির্বিশেষে আওয়ামী লীগ ও দেশের সার্বভৌমত্ব প্রশ্নে জুলাইয়ের সকল শক্তি এক থাকবে, এটাই প্রত্যাশা।’
ঢাকা শহরের বিভিন্ন স্থানে ‘ব্লকেড’ চালু হয়েছে জানিয়ে নাহিদ ইসলাম লিখেছেন, ‘দ্রুত সময়ের মধ্যে সিদ্ধান্ত না এলে সমগ্র বাংলাদেশ আবারো ঢাকা শহরে মার্চ করবে।’
আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে নাহিদ ইসলাম লিখেছেন, ‘দেশের সার্বভৌমত্ববিরোধী, স্বাধীনতাবিরোধী, জুলাইবিরোধী, গণতন্ত্রবিরোধী, ইসলামবিরোধী, নারীবিরোধী, মানবতাবিরোধী ফ্যাসিস্ট সন্ত্রাসী মুজিববাদী সংগঠন আওয়ামী লীগকে নিষিদ্ধকরণে বাংলাদেশপন্থী সকল শক্তি ঐক্যবদ্ধ হই।’