ওছিবা খাতুনের বয়স ১০৩ বছর ছুঁইছুঁই। মিরসরাই পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের গোভনীয়া গ্রামের এ বর্ষীয়ান নারী চট্টগ্রাম-১ আসনের ভোটার। মিরসরাই সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে আজ সকাল সাড়ে ৮টায় ভোট দিতে আসেন তিনি।
বয়সের ভারে ন্যুয়ে পড়া ওছিবাকে কেন্দ্রে নিয়ে আসেন তার নাতি। ভোট কেন্দ্র থেকে বের হয়ে ওছিবা খাতুন বলেন, ‘আমার বয়স ১০৩ ছুঁইছুঁই। একা হাঁটতে পারি না। আমার নাতি রিকশায় করে ভোট কেন্দ্রে নিয়ে এসেছে। ভোট দিয়েছি। বয়স অনেক হয়েছে, হয়তো এটাই আমার শেষ ভোট।’
ওই কেন্দ্রে নির্ধারিত সময়ের প্রায় ৯ মিনিট পর ভোট শুরু হওয়ায় ভোটারদের বাইরে অপেক্ষা করতে দেখা গেছে। এ আসনে মোট ভোটার ৩,৮৬,৬৭৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১,৯৯,৮৫৯, নারী ভোটার ১,৮৬,৮১১ ও তৃতীয় লিঙ্গের ভোটার চারজন।