জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা

জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে মিলিত হয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। আজ শুক্রবার (৩০ মে) টোকিওতে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বৈঠকে মিলিত হন দুই দেশের সরকারপ্রধান।

এদিন সকালে প্রধানমন্ত্রীর দপ্তরে পৌঁছালে অধ্যাপক ইউনূসকে গার্ড অব অনার প্রদান করা হয়। পরে এক যৌথ বিবৃতিতে বলা হয়, ‘প্রধানমন্ত্রী ইশিবা ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের রাষ্ট্রগঠনের উদ্যোগ, সংস্কার প্রচেষ্টা ও শান্তিপূর্ণ রূপান্তরের অঙ্গীকারের প্রতি জাপানের পূর্ণ সমর্থন পুনর্ব্যক্ত করেছেন।’

বৈঠকে বাংলাদেশের টেকসই উন্নয়ন ও অর্থনৈতিক অগ্রগতিতে জাপানের অব্যাহত সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন অধ্যাপক ইউনূস। বিশেষ করে বে অব বেঙ্গল ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ বেল্ট (বিগ-বি) উদ্যোগের আওতায় মহেশখালী-মাতারবাড়ী সমন্বিত অবকাঠামো প্রকল্পসহ বিভিন্ন প্রকল্পে জাপানের সহযোগিতার কথা উল্লেখ করেন তিনি।

স্বাধীনতার পর থেকে দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা স্মরণ করে উভয়পক্ষ কৌশলগত অংশীদারত্বের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে। পাশাপাশি তারা ‘ফ্রি অ্যান্ড ওপেন ইন্দো-প্যাসিফিক’ ধারণার প্রতি সমর্থন জানিয়ে সবার শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধি নিশ্চিত করার অভিন্ন লক্ষ্যের কথা পুনর্ব্যক্ত করেন।

বৈঠকে উভয় দেশ আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয়ে আলোচনা করে এবং জাতিসংঘ সনদের মূলনীতিকে ভিত্তি করে আঞ্চলিক ও বৈশ্বিক শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত করতে সহযোগিতা জোরদারের প্রতিশ্রুতি দেয়। উভয় দেশই এ সময় আইনের শাসনের ভিত্তিতে বহুত্ববাদ ও গণতন্ত্রের প্রতি তাদের সমর্থন পুনর্ব্যক্ত করে। এ ছাড়া দ্বিপাক্ষিক সম্পর্ক এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়েও আলোচনা করেন দুই নেতা।

অর্থনৈতিক সংস্কার ও জলবায়ু সহনশীলতা জোরদারে দুটি ঋণচুক্তি এবং জয়দেবপুর-ঈশ্বরদী সেকশনে ডুয়াল গেজ ডাবল লাইন নির্মাণ প্রকল্পের জন্য ‘এক্সচেঞ্জ অব নোটস’ স্বাক্ষরকে স্বাগত জানায় উভয়পক্ষ।

আরও