সিলেটে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৮

আজ সকাল ছয়টার দিকে কাঁঠালবোঝাই একটি ট্রাকের সঙ্গে শ্রমিকবাহী একটি ডিআই ট্রাকের সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়

সিলেটের দক্ষিণ সুরমার তেলিবাজার এলাকায় দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৮ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ৮ জন, যাদের কয়েকজনের অবস্থা গুরুতর।

আজ সকাল ছয়টার দিকে কাঁঠালবোঝাই একটি ট্রাকের সঙ্গে শ্রমিকবাহী একটি ডিআই ট্রাকের সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়। পরে আহতদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে সেখানে আরো চারজন মারা যান।

নিহত ও আহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

বিষয়টি নিশ্চিত করে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) মো. মনজুরুল আলম জানান, ডিআই পিকআপে করে শ্রমিকরা সুনামগঞ্জের উদ্দেশ্য যাচ্ছিলেন। আর কাঁঠালবাহী ট্রাক ওই পথ দিয়ে আসতে গিয়ে তাদের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ৪ জন নিহত হয়েছেন আর হাসপাতালে গিয়ে আরো ৪ জন নিহত হয়েছেন। এতে অন্তত ৮ জন আহত হয়েছেন।

তিনি আরো জানান, ঘটনার পরপরই দুই গাড়ির চালক পালিয়ে গেছে। ট্রাকের হেলপারকে আটক করা হয়েছে। আহতরা সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। হতাহতদের পরিচয় এখনো জানা যায়নি।

আরও