ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (ডুজা) কার্যনির্বাহী পরিষদ নির্বাচন-২০২৬ সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। এতে সভাপতি পদে কালের কণ্ঠের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মো. মানজুর হোছাঈন মাহি এবং সাধারণ সম্পাদক পদে স্টার নিউজের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি লিটন ইসলাম নির্বাচিত হয়েছেন।
বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) প্রাঙ্গণে অবস্থিত সমিতির কার্যালয়ে মঙ্গলবার (১৭ মার্চ) সকাল ১১টা ৫০ মিনিটে ভোটগ্রহণ শুরু হয়ে বিকাল ২টা ৫০ মিনিটে শেষ হয়। ভোট গণনা শেষে বিকেল ৩টায় প্রধান নির্বাচন কমিশনার, ডুজার সাবেক সভাপতি ও গাজীপুরের জেলা প্রশাসক নূরুল করিম ভূইয়া আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন।
নির্বাচনে সহকারী নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন ডুজার সাবেক সাধারণ সম্পাদক ও প্রথম আলোর বিশেষ প্রতিনিধি রিয়াদুল করিম, সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক ইত্তেফাকের সিনিয়র রিপোর্টার সাইদূর রহমান, ডুজার বর্তমান সভাপতি মহিউদ্দিন মুজাহিদ মাহি এবং সাধারণ সম্পাদক মাহাদী হাসান।
এবারের নির্বাচনে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ মোট ৯টি পদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। মোট ৪১ জন ভোটারের মধ্যে ৩১ জন সরাসরি এবং ১০ জন পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোটাধিকার প্রয়োগ করেন।
ফলাফলে সভাপতি পদে মো. মানজুর হোছাঈন মাহি ৩০ ভোট এবং সাধারণ সম্পাদক পদে লিটন ইসলাম ২৪ ভোট পেয়ে নির্বাচিত হন। এছাড়া সহসভাপতি পদে মাহাথির মোহাম্মদ (ডেইলি স্টার), যুগ্ম সাধারণ সম্পাদক পদে মো. রাহাদ উদ্দিন (দৈনিক জনকণ্ঠ), দপ্তর সম্পাদক পদে এইচ এম খালিদ হাসান (দেশ রূপান্তর) এবং অর্থ সম্পাদক পদে নাইমুর রহমান ইমন (ডেইলি অবজারভার) নির্বাচিত হয়েছেন। কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন মো. বোরহান উদ্দিন (চ্যানেল ২৪), মো. সামশুদৌজা নবাব (ঢাকা ট্রিবিউন) ও মোহাম্মদ সাহেদুল ইসলাম (টাইমস অব বাংলাদেশ)।
ফলাফল ঘোষণা শেষে প্রধান নির্বাচন কমিশনার নূরুল করিম ভূইয়া নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন জানিয়ে বলেন, ডুজা সব সময় গণতান্ত্রিক চর্চায় বিশ্বাসী। দীর্ঘদিন পর উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় তিনি সন্তোষ প্রকাশ করেন। নতুন নেতৃত্ব শিক্ষার্থীদের কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করবে বলেও তিনি আশা প্রকাশ করেন।
নবনির্বাচিত সাধারণ সম্পাদক লিটন ইসলাম বলেন, আমার ওপর আস্থা রাখার জন্য ডুজার সদস্যদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা। ডুজা ও বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের স্বার্থে কাজ করে যাবো। এক্ষেত্রে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করছি।
সভাপতি মো. মানজুর হোছাঈন মাহি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি হিসেবে নির্বাচিত হওয়ায় আমি সম্মানিত ও কৃতজ্ঞ। সহকর্মীরা যে আস্থা ও বিশ্বাস রেখেছেন, তা আমি দায়িত্বশীলতা, সততা ও পেশাদারত্বের মাধ্যমে রক্ষা করতে চাই। তিনি আরো বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের স্বার্থ, তাদের সমস্যা ও সম্ভাবনাকে গুরুত্ব দিয়ে আমরা গঠনমূলক ও দায়িত্বশীল সাংবাদিকতা চালিয়ে যাব। একইসঙ্গে বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক মানোন্নয়ন, একাডেমিক পরিবেশ ও ইতিবাচক উদ্যোগগুলোকে সামনে নিয়ে আসতেও আমরা প্রতিশ্রুতিবদ্ধ। সত্যনিষ্ঠ ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে আমরা ক্যাম্পাস সাংবাদিকতাকে আরো শক্তিশালী করতে চাই।