টাঙ্গাইলের নাগরপুরে একটি ইট বহনকারী ট্রলির সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মো. সেন্টু মিয়া (৩৫) নামের এক অটোচালকের মৃত্যু হয়েছে। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরো ৫ জন, তারা সবাই অটোরিকশার যাত্রী ছিল।
আজ শনিবার সকাল সাড়ে ১০টার দিকে টাঙ্গাইল-আরিচা মহসড়কের উপজেলা ফায়ার সাভিস স্টেশনের সামনে এ দুর্ঘটনাটি ঘটে।
আহতরা হলেন, ঘিওর উপজেলার হেমন্তি (৬৫), পলাশ (২৪) দৌলতপুর উপজেলার রফিক শেখ (৩৫), কাবিল (৩২) ও টাঙ্গাইল সদরের অমিত (৩২)।
এ তথ্য নিশ্চিত করে নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আনিসুর রহমান আনিস জানান, দুর্ঘটনা কবলিত ট্রলি ও অটোরিকশাটিকে জব্দ করা হয়েছে। তবে ট্রলির চালক পালিয়ে যাওয়ায় তাকে গ্রেফতার করা যায়নি।
প্রত্যক্ষ্যদর্শী পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা যায়, শনিবার সকাল সাড়ে ১০টার দিকে একটি যাত্রীবাহী সিএনজি নাগরপুর থেকে টাঙ্গাইল যাওয়ার পথে উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সামনে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রলির সাথে মুখোমুখি সংর্ঘষ ঘটে। এ সময় ট্রলিটি নিয়ন্ত্রণ হারিয়ে অটো রিকশাসহ খাদে পরে যায়। আশপাশের লোকজন ঘটনাস্থলে পৌঁছে আহত ৬ জনকে উদ্ধার করে নাগরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিৎকিসার জন্য নিয়ে যায়।
সেখানে কর্তব্যরত চিকিৎসক অটোরিকশাচালক মো. সেন্টু মিয়াকে মৃত ঘোষণা করেন। আহত ৫ জনের মধ্যে ২ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য টাঙ্গাইল সদর হাসপাতালে রেফার্ড করা হয়েছে বলেও জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রোকনুজ্জামান।