৯ দফা দাবিতে খুলনায় আবারও রাজপথে নেমেছেন
শিক্ষার্থীরা। শুক্রবার (২ আগস্ট) দুপুর আড়াইটার দিকে
শিক্ষার্থীরা নিউমার্কেটের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করে। বেলা ৩টার দিকে নগরীর
শিববাড়ি মোড়ে অবস্থান নেন তারা। এ সময় তারা শিক্ষার্থীদের ওপর পুলিশ, র্যাব ও বিজিবির
হামলার প্রতিবাদে স্লোগান দেন। এক পর্যায়ে পুলিশ বাধা দিলে শিক্ষার্থীরা মিছিল নিয়ে
খুলনা বিশ্ববিদ্যালয়ের দিকে রওনা হন। এ সময় তারা সোনাডাঙ্গা থানায় ইটপাটকেল নিক্ষেপ
করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিক্ষোভের সময় খুলনার
জিরো পয়েন্ট থেকে দুই শিক্ষার্থীকে আটক করে নিয়ে যায় হরিণটানা থানা পুলিশ। এ সময় পুলিশের
সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন শিক্ষার্থীরা। পুলিশ তাদের রাবার বুলেট ও টিয়ারশেল ছুড়ে বিক্ষিপ্ত
করার চেষ্টা করে। পরে শিক্ষার্থীরা হরিণটানা থানা অবরোধ করলে পুলিশ আটক দুই শিক্ষার্থীকে
ছেড়ে দিতে বাধ্য হয়। পরে সেখান থেকে শিক্ষার্থীদের একটি অংশ শিববাড়ি মোড়ে অবস্থান নেয়।
শিক্ষার্থীরা জানান, শিক্ষার্থীরা বেলা সোয়া ৩টার দিকে খুলনা বিশ্ববিদ্যালয়ের সামনে ও নগরীর জিরো পয়েন্ট এলাকায় মিছিল নিয়ে পৌঁছায়। জিরো পয়েন্ট এলাকায় শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ হয়েছে। শিক্ষার্থীরা পুলিশকে লক্ষ করে ইটপাটকল নিক্ষেপ করলে এবং পুলিশ টিয়ারশেল ছোড়ে। এ সময় পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের ধাওয়া পাল্টা ধাওয়া হয়। এতে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন। বিকেল ৪ টা পর্যন্ত শিক্ষার্থী এবং পুলিশ সড়কে মুখোমুখি অবস্থান করছিল।