নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে কাচঁপুরে ফুটবল খেলতে গিয়ে পুকুরে পড়ে পানিতে তলিয়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (২৮ মে) উপজেলার কাঁচপুরের পূর্ব বেহাকৈর নয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
মৃত দুই শিশুর নাম জুনায়েদ (৬) ও হাবিবুর রহমান (৮)। তারা দুজনই কাঁচপুর পূর্ব বেহাকৈর লিটল ফ্লাওয়ার কিন্ডারগার্টেনের শিক্ষার্থী। জুনায়েদ প্লে ও হাবিবুর প্রথম শ্রেণিতে পড়ে।
মৃত জুনায়েদ কাঁচপুরের পূর্ব বেহাকৈর নয়াপাড়া গ্রামের হানিফ মিয়ার ছেলে ও হাবিবুর একই গ্রামের মো. বাদশার ছেলে।
এলাকাবাসী ও মৃতদের পরিবার সুত্রে জানা যায়, উপজেলার কাচঁপুর ইউনিয়নের পূর্ব বেহাকৈর নয়াপাড়া গ্রামে বাড়ির পাশে দুই শিশু জুনায়েদ ও হাবিবুর আরো কয়েকজনের সাথে ফুটবল খেলছিল। হঠাৎ ফুটবলটি পার্শ্ববর্তী পুকুরে পড়ে যায়। পরে জুনায়েদ ও হাবিবুর পুকুর থেকে ফুটবলটি তুলতে পুকুরের পানিতে নামে। এ সময় দুজনই পুকুরের পানিতে তলিয়ে যায়। প্রচুর পরিমাণ পানি খেয়ে পেট ফুলে গিয়ে দুজনের মরদেহ পানিতে ভেসে উঠেছে।
এ ঘটনাটি পার্শ্ববর্তী এক মহিলা দেখতে পেয়ে তাদের দুজনের বাড়িতে খবর দিলে পানি থেকে উদ্ধার করে দুজনকে স্থানীয় মদনপুরের একটি হাসপাতালে নেয়া হলে দায়িত্বরত চিকিৎসক দুই শিশুকে মৃত ঘোষণা করে। এ ঘটনায় ওই এলাকায় শোকের ছায়া নেমে আসে।
সোনারগাঁও থানার ওসি (তদন্ত) রাশেদুল হাসান খান জানান, দুই শিশুর মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।